ভারতজুড়ে উৎসব চলছে। সীমান্ত পেরিয়ে সেই উৎসবের উপভোগ্য বাতাসটা আমাদের মধ্যেও অনুভূত হচ্ছে। প্রতিবেশী ভারতের বিশ্বকাপ জয়ই শুধু আমাদের আনন্দের মুখ্য বিষয় নয়, আমাদের আনন্দ বিশ্বকাপ ক্রিকেটের প্রায় সর্বাঙ্গ সুন্দর সফল পরিসমাপ্তিতে। আমরা যে এই মহোৎসব আয়োজনের অন্যতম ভাগিদার। সাফল্যের পূর্বাভাস দেওয়া উদ্বোধনটা যে আমাদের মাঠে আমরা দারুণভাবে করেছিলাম। শেষটা হলো ক্রিকেটীয় শৈল্পিক সংগ্রামে উজ্জ্বল দারুণ এক চূড়ান্ত খেলা দিয়ে।মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের শনিবারের প্রতিটি যাপিত প্রহর ছিল বিশ্বজনার কাঙ্ক্ষিত ক্রিকেট উত্তেজনায়, ক্রিকেট বিনোদনে টইটম্বুর। সেই খেলাকে ফিরে দেখা এই মুহূর্তে হবে মায়ের কাছে মামাবাড়ির গল্প বলার মতো। এই কলামের ক্ষুদ্র পরিসরের কাজও নয় সেটা। আমি আমার এই দিনের ক্রিকেট উপভোগকেই সামান্য চিত্রায়িত করার চেষ্টাটাই বরং করতে পারি।ম্যাচ রেফারিকে বিব্রত করে কোনো বিশ্বকাপ ফাইনালের আগে বোধহয় শুরু হয়নি। মহেন্দ্র সিং ধোনির বাড়ানো হাত কুমার সাঙ্গাকারা হাতে নিতে ইতস্তুত করছেন। ধোনি মুদ্রা ছুড়েছেন, কুমার ডেকেছেন। কিন্তু কী ডেকেছেন, মাথা না লেজ, শোনেনি কেউ ঠিকমতো। ওয়াংখেড়ের গ্যালারি বড় বেশি চেঁচামেচি করে। ম্যাচ রেফারি জেফ ক্রো বুড়ো মানুষ, বুঝতে পারেননি সাঙ্গাকারা কী বলেছেন। ভুল বুঝে ধোনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত উচ্চারণও করে ফেলেছিলেন। ম্যাচ রেফারির এক কথায় আবারও টস হলো। জিতলেন সাঙ্গাকারা। গড়িয়ে চলল বারবার নাটকীয় মোড়ে ফেরা এক বহু পর্বের জমজমাট ধারাবাহিক।এই চূড়ান্ত খেলার সব প্রাক-কথনে প্রাধান্য পেয়েছিল—দুই দলের প্রথম দিকের ব্যাটিংয়ের তুলনামূলক প্রদর্শিত শক্তিমত্তাই দিনের ব্যবধান রচনা করবে। দুই দলেরই এক-দুই-তিন দারুণ ফর্মে টুর্নামেন্ট-জুড়ে। দিলশান-থারাঙ্গা জুটি এদিন যেমন দল মেলতে পারেনি, তেমনি প্রতিদিনের মতো টপগিয়ারে ভারতের ব্যাটিং সূচনা করতে পারেননি শেবাগ-টেন্ডুলকার জুটি। প্যাড-হ্যালমেট পরে ঠিকমতো থিতু হয়ে বসার আগেই নতুন বল সামলাতে নেমে পড়তে হয়েছে সাঙ্গাকারা আর গৌতম গম্ভীরকে। দুজনই আপ্রাণ চেষ্টা করেছেন ইনিংস মেরামত করে দলকে খেলায় প্রতিষ্ঠিত করে ফেরাতে। দুজনেরই ছিল প্রতিভাদীপ্ত সাহসী সংগ্রাম। তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী হয়েছে গম্ভীরের সংগ্রাম। সেই সংগ্রামই নির্ধারণ করে দিয়েছে ম্যাচের নিয়তি। ২৮ বছর পর শিরোপা ফিরেছে ভারতের ঘরে।এই দিনের আরেকটি দ্বৈরথ ছিল নতুন বলে জহির খান ও লাসিথ মালিঙ্গার মধ্যে। দুজনই নতুন বলে দারুণ সফল। জহির খান শুধুই সকাল সকাল উপুল থারাঙ্গাকে ফেরাননি, দারুণ ভূমিকাও রেখেছেন প্রথম ১০ ওভারে, শ্রীলঙ্কার রান রেট রেখেছেন ওভারপ্রতি মাত্র তিনের মধ্যে। তাঁর প্রথম পাঁচ ওভার তো বিশ্বকাপে নিখরচার ইতিহাস। শেষ পাঁচ ওভারে জহিরকে উল্টোভাবে রচনা করেছে মাহেলা জয়াবর্ধনের বিক্রমী ব্যাট। সে আরেক অনন্য প্রসঙ্গ। জহির খানের চেয়ে অধিক সফল এদিন মালিঙ্গা। প্রথম ওভারেই শেবাগকে সরিয়ে আর ব্যক্তিগত ১৮ রানে টেন্ডুলকারকে আউট করে ২৭৫ রান তাড়া করা ভারতের প্রতি ছুঁড়ে দিয়েছিলেন শোলে ছবির গব্বার সিং চরিত্রের সেই ভারত কাঁপানো সংলাপ, ‘আব তেরা কেয়া হোগারে কালিয়া’। না ভারত কাঁপেনি। কাঁপেনি কারণ, গৌতম গম্ভীর ছিলেন। ছিল বিরাট কোহলিকে নিয়ে তাঁর ম্যাচ ফেরানো পার্টনারশিপ। আর ছিলেন সেই মহানায়ক। দুঃসময়ে ‘আমার কাঁধেই নিলাম তুলে আমার মতো বোঝা’ বলেই যিনি চার নম্বরে উঠে এলেন এবং ধীশক্তি ও পেশিবলের চূড়ান্ত মাত্রা প্রদর্শন করে বিজেয়র বন্দরে করলেন অক্ষত নোঙর। তিনি ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্ট-সেরা যুবরাজ সিংয়ের সহযোগীও লাসিথ মালিঙ্গাকে দ্বিতীয় স্পেলে ম্যাজিক দেখাতে দিলেন না। সেই ম্যাজিক ছাড়া পড়ন্ত বেলায় শ্রীলঙ্কার আর কিছু করার ছিল না। বিজয়ী দলের অধিনায়ক যেদিন অমন কারিশমা ছড়ান, পরাভূত দলের সব শৌর্য সেদিন অন্তরালেই চলে যায়। যেমন শনিবারে ঢাকা পড়ল মাহেলা জয়াবর্ধনের মহামূল্যবান শতক। ওই শতকের কল্যাণেই শ্রীলঙ্কার ২৭৫। ওই শতকের কল্যাণেই ভারতের অমন চোয়ালচাপা সংগ্রাম। মাহেলার ব্যাটের শ্রীমন্ত সেই শতকের বর্ণনা করার শক্তি এই কলমের নেই। আমি শুধু সেই শতকের সম্মানে আমার নীরব অভিবাদনই রেখে গেলাম।এই বিশ্বকাপ ভারতকে দিল অনেক সাধনার ধন। শচীন টেন্ডুলকারকে দিল একমাত্র অধরা গৌরবকে করতলগত করার সুযোগ। মুত্তিয়া মুরালিধরন ও শচীনকে বিশ্বকাপ থেকে বিদায় জানানোর জন্য আইসিসি এদিন একটা কিছু আনুষ্ঠানিকতা রাখবে আশা করেছিলাম। দেখলাম না। বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের পক্ষ থেকে ক্রিকেটের ওই দুই মহাবীরকে আন্তরিক অভিনন্দন জানাই।সুধী পাঠক, বিশ্বকাপের প্রথম আলোর আয়োজনে ক্রিকেটের অধম ছাত্র এই ব্রাত্যজনের এটাই শেষ কলাম। গত ছয় সপ্তাহ এই কলমের অনেক অপ্রয়োজনীয় কথন আপনাদের অনেকেই ধৈর্য ধরে পড়েছেন। অনেক কথাই আপনাদের বিরক্তি উৎপাদন করেছে আবার দু-এক কথায় হয়তো সহমত পোষণ করেছেন। এই মঞ্চ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আপনাদের কৃতজ্ঞচিত্তের ধন্যবাদ জানাই। ‘উজ্জ্বল ফসলের মাঠে দেখা হবে হয়তো আবার।’