আবার হরতাল, আবার প্রতিহতের ডাক তরুণদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছোট আটটি ধর্মভিত্তিক দল আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এগুলো মূলত কওমি মাদ্রাসাকেন্দ্রিক দল। বিএনপি এই দলগুলোর ডাকা হরতালে সমর্থন জানিয়েছে। হরতালে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামীও। কিন্তু হরতাল ডাকা এই দলগুলোর সঙ্গে জামায়াতের আদর্শের কোনো মিল নেই। তবে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট ও গণজাগরণ মঞ্চের ব্যানারে তরুণ প্রজন্ম দাবি করেছে, জামায়াতে ইসলামীকে রক্ষার জন্য এই হরতাল ডাকা হয়েছে। জামায়াতই এই হরতালের পৃষ্ঠপোষক অভিযোগ করে তারা জনগণের প্রতি এই হরতাল প্রতিহতের আহ্বান জানিয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি এর আগের হরতালের মতো আজকেও গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। হরতাল আহ্বানকারীদের অভিযোগ, ব্লগে কিছু লোক আল্লাহ, মহানবী (সা.) ও ইসলাম সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন। ইসলামি রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্র হচ্ছে। এবং ইসলামপন্থী দলগুলোর বিক্ষোভে ‘পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা’ হামলা করেছে। এসবের প্রতিবাদেই তাঁরা হরতাল ডেকেছেন। তবে এই বিতর্ক ওঠার পর গত বুধবার সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংবাদ সম্মেলন করে বলেছেন, অনলাইনে লেখালেখির মাধ্যম ব্লগে বা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মহানবী (সা.) বা ধর্মের অবমাননা হয় এবং তা সমাজে অশান্তির কারণ হতে পারে—এমন কিছু থাকলে সরকার ব্যবস্থা নেবে। এর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ চলচ্চিত্র প্রচারিত হওয়ায় সরকার বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দিয়েছিল বলে স্মরণ করিয়ে দেন মন্ত্রী। আজকের হরতাল আহ্বানকারী দলগুলো হলো: বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, খেলাফতে ইসলামী ও উলামা কমিটি বাংলাদেশ। এরা দেশে ধর্মভিত্তিক ছোট ছোট দল হিসেবে পরিচিত। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে শেষ তিনটি দলের কোনো নিবন্ধন নেই। এই দলগুলোর মধ্যে ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম—এই তিনটি দল বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক। আজকের এই হরতালে ১৮ দলের শরিক অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং অনিবন্ধিত দল লেবার পার্টিও সমর্থন দিয়েছে। গতকাল পৃথক বিবৃতিতে ইসলামী ঐক্যজোট ও জমিয়তে উলামায়ে ইসলামও হরতাল সফল করার আহ্বান জানিয়েছে। ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সভায় ‘আলেম-ওলামাদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতনের’ প্রতিবাদ জানানো হয়। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ১৪ দলের সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ধর্মভিত্তিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘আপনারা কি ইসলাম রক্ষা করবেন, নাকি জামায়াতে ইসলামীকে রক্ষা করবেন? ইসলাম রক্ষার নামে যারা জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে, তারা জামায়াতে ইসলামীকে রক্ষা করছে।’ তিনি বলেন, সরকার ইসলাম ও মহানবী (সা.)-এর সম্মান হেফাজতে নিয়োজিত আছে। হরতালে গাড়ি চালানোর সিদ্ধান্ত সড়ক পরিবহন সমিতির: বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি এর আগের হরতালের মতো আজকের গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মতিঝিলে সমিতির কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিরবচ্ছিন্নভাবে বাস চলাচলের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় তারা। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, জাতীয় পতাকা পোড়ানো, শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চ ভাঙার ঘটনায় নিন্দা জানায় সমিতি। জানতে চাইলে সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে বরাবরের মতোই গাড়ি চলবে। যাত্রী পাওয়া সাপেক্ষে দূরপাল্লার বাসগুলো চলবে।