আজ বুধবার ও কাল বৃহস্পতিবার আবার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এরপর রোববার হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মাঝে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ‘ছুটির’ ফাঁদে পড়ছে দেশ। এদিকে বরাবরের মতো রাজধানীতে হরতাল শুরুর আগের দিন গতকাল মঙ্গলবার গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাত ১০টা পর্যন্ত তিনটি গাড়ি পোড়ানো হয়। গত রোববার হেফাজতের রক্তক্ষয়ী ঢাকা অবরোধ কর্মসূচি এবং পরদিন রাজধানীর কাঁচপুর ও চট্টগ্রামের হাটহাজারীতে সহিংস ঘটনার এক দিন পর আবার হরতাল শুরু হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, হরতালের সময় জনগণের জানমাল রক্ষায় ভূমিকা রাখতে দলের নেতা-কর্মীরা রাজপথে থাকবেন। সব মিলিয়ে দেশব্যাপী নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।গত রোববার রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘হামলা’ ও ‘ব্যাপক প্রাণহানির’ প্রতিবাদে ১৮ দল এ হরতাল ডাকে। হরতালের সমর্থনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন গতকাল রাজধানীতে কয়েকটি মিছিল বের করে।হেফাজতে ইসলামও একই দাবিতে হরতাল ডেকেছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় সংবাদ সম্মেলনে সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফ আলী নিজামপুরী হরতালের ঘোষণা দেন। তবে এ সময় সংগঠনের আমির শাহ আহমদ শফী মাদ্রাসায় অবস্থান করলেও সংবাদ সম্মেলনে উপস্থিত হননি। অন্য জ্যেষ্ঠ নেতারাও অনুপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ১৮ দলের আজ ও কালের হরতালে হেফাজতের সমর্থন দেওয়ার কথাও বলা হয়।সংবাদ সম্মেলনে আশরাফ আলী নিজামপুরী দাবি করেন, ঢাকায় ধ্বংসযজ্ঞ, বায়তুল মোকাররমের আশপাশে শত শত দোকানে আগুন দেওয়া ও কোরআন শরিফ পুড়িয়ে দেওয়া এবং সড়ক বিভাজকের গাছ কাটার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, আওয়ামী লীগ ও ওলামা লীগের লোকজন পাজামা-পাঞ্জাবি পরে হেফাজতে ইসলামের সমাবেশ ও মিছিলে ঢুকে যায়। তারা স্বয়ংক্রিয় করাত দিয়ে অল্প সময়েই শত শত গাছ কেটে ধ্বংসযজ্ঞ চালিয়ে হেফাজতের ওপর দায়ভার চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।আশরাফ আলী নিজামপুরী আরও দাবি করেন, ৫ মে মধ্যরাতে শাপলা চত্বর এলাকায় লাখ লাখ মুসলমানের ওপর পুলিশ, র্যাব, বিজিবি ও দলীয় সন্ত্রাসীরা বিশেষ অভিযানের নামে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। আড়াই থেকে তিন হাজার লোকের লাশ ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে। হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে। তবে তাঁর পরিচিত কিংবা চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়া কাউকে হত্যা করা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা হত্যার খবর শুনেছি। কারও সঠিক তথ্য আমাদের কাছে নেই।’ইংরেজি মাধ্যমের জন্য ছাড়, বাংলা মাধ্যমের জন্য নয়: ১৮ দল সাধারণত টানা হরতালের ডাক দেয়। অর্থাৎ বুধ ও বৃহস্পতিবারের মধ্যবর্তী রাতের সময়টি হরতাল থাকে। কিন্তু এবার তা করা হয়নি। প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল থাকবে। রাতের বেলা হরতাল থাকবে না।এর কারণ সম্পর্কে জানতে চাইলে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা চলছে। দিনের বেলা হরতাল হলে সাধারণত রাতে তারা পরীক্ষা নেয়। কিন্তু রাতে হরতাল থাকলে শিক্ষার্থীদের একটি সেশন পিছিয়ে পড়তে হয়। কেননা এই পরীক্ষা সারা বিশ্বে একই সঙ্গে নেওয়া হয়। রোববার স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনার পর এভাবে হরতাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।বৃহস্পতিবার বাংলা মাধ্যমের এইচএসসি পরীক্ষা আছে, তাদের কী হবে জানতে চাইলে ওই নেতা বলেন, বাংলা মাধ্যমের পরীক্ষা পরেও নেওয়া যায়। এতে ইংরেজি মাধ্যমের মতো এতটা ক্ষতি হয় না।গাড়িতে আগুন: নয়াপল্টনে গায়েবানা জানাজার পর স্বেচ্ছাসেবক দলের ব্যানারে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি সিটি ব্যাংকের সামনে পৌঁছার পর একটি মাইক্রোবাসে আগুন লাগিয়ে দেয় তারা। পরে পুলিশ ধাওয়া দিলে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা পালিয়ে যান।সন্ধ্যায় কারওয়ান বাজারে একটি বাসে আগুন দেয় হরতালের সমর্থকেরা। এ সময় একজনকে আটক করে পুলিশ। এ ছাড়া তেজগাঁও শিল্প এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে দুপুরের দিকে আগুন দেওয়া হয়।