আবার হরতাল ডাকার হুমকি দিলেন মুফতি আমিনী
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী আবার হরতাল ডাকার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ৬ মে থেকে দেশের ছয় বিভাগে সমাবেশ হবে। এর কোনোটিতে বাধা দিলেই আগামী ২৯ মে হরতাল করা হবে। আজ শনিবার সকালে চট্টগ্রামে যেতে বাধা দেওয়ার প্রতিবাদে দুপুরে দলের লালবাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।প্রসঙ্গত, নারীনীতি ও শিক্ষানীতি বাতিল এবং ফতোয়াবিরোধী রায় বাতিলের দাবিতে আমিনী গত ৪ এপ্রিল সারা দেশে হরতাল ডেকেছিলেন। আমিনী বলেন, ‘সরকার আমাদের সমাবেশে বাধা দিয়ে হরতালের দিকে ঠেলে দিচ্ছে।’ তিনি বলেন, ‘আমাকে ঘরে বসিয়ে রেখে গণতান্ত্রিক আন্দোলন রোখা যাবে না।’ তাই তিনি সরকারকে তাঁদের কর্মসূচিতে বাধা না দিতে আহ্বান জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ নেজামী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল কাশেম প্রমুখ।