আবার হেলে পড়েছে ভবন
রাজধানীর কাঁঠালবাগান ঢালের পুকুরপাড় এলাকায় গতকাল রোববার রাতে হেলে পড়েছে নির্মাণাধীন একটি সাততলা ভবন। পিলার ভেঙে এশিয়ান হায়দার টাওয়ার নামের ওই ভবনের নিচতলা প্রচণ্ড শব্দে দেবে যায়। রাত দুইটার দিকে এ প্রতিবেদন লেখার সময় ভবনটি ধীরে ধীরে সামনের আরেকটি ১৬ তলা ভবনের ওপর কাত হয়ে পড়ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে ৩০৪/১ ফ্রি স্কুল স্ট্রিটে ওই ভবনটির দক্ষিণ পাশের একটি পিলার সশব্দে ফেটে কংক্রিট খসে রড বেরিয়ে যায়। একই সঙ্গে ফাটল ধরে ভবনের উত্তর পাশের একটি পিলারেও। তখনই ভবনটিতে কর্মরত ৩০-৩৫ জন শ্রমিক জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান। এলাকাবাসী ও কর্মরত শ্রমিকেরা জানিয়েছেন, জমির মালিকের নাম আলমগীর হায়দার। রাতে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শাহিদউল্লাহ সাংবাদিকদের বলেন, ভবনটি ভেঙে ফেলা ছাড়া কোনো উপায় নেই। পাশের ১৬ তলা ভবনটিও ক্ষতিগ্রস্ত হতে পারে।ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা সাংবাদিকদের জানান, রাতেই ভবনটি ভাঙার কাজ শুরু হচ্ছে। প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হবে।প্রত্যক্ষদর্শী ও ভবনে কর্মরত শ্রমিকেরা জানান, ভবনটির দক্ষিণ পাশে আরেকটি ভবন তৈরির জন্য মাটি খুঁড়ে পাইলিংয়ের কাজ চলছে। ধসে পড়া ভবনটির ঠিক সামনেই ১৬ তলা নাসির টাওয়ার।ভবনটিতে কর্মরত টাইলস মিস্ত্রি জুয়েল জানান, ভবনটির কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু সৌন্দর্যবর্ধনের কাজ বাকি। তাঁরা কয়েকজন শ্রমিক দোতলায় অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ জোরে পট পট শব্দ শুনতে পান। ভবনে সামান্য ঝাঁকুনিও অনুভূত হয়। এরপর নিচে থাকা শ্রমিকেরা ‘ভবন হেলে পড়ছে’ বলে চিৎকার করতে থাকেন। তখন তাঁরা দোতলা থেকে নিচে নেমে দেখেন, ভবনের দক্ষিণ পাশের পিলারটি ফেটে গেছে। এর খোয়া-পাথর খসে পড়ে রড বেঁকে বেরিয়ে গেছে। ওই পিলার বরাবর উত্তর দিকেও আরেকটি পিলারে ফাটল ধরেছে। এসব দেখে সব শ্রমিক জিনিসপত্র নিয়ে ভবন থেকে হুড়োহুড়ি করে বেরিয়ে যান।ভবন হেলে পড়ার খবরে আশপাশের বহু মানুষ ভবনের সামনে ভিড় করে। এর কিছুক্ষণ পরে রাত সাড়ে ১১টার দিকে ভবনটি সশব্দে নিচের পিলারগুলো ভেঙে দেবে যায়। আশপাশের ভবনগুলোতে তখন কাঁপুনি অনুভূত হয়। রাতে ভবনটি ধীরে ধীরে কাত হয়ে পড়ছিল। স্থানীয় কয়েকজন জানিয়েছেন, যে জায়গায় ভবনটি তৈরি করা হয়েছে, সেখানে আগে বিশাল একটি পুকুর ছিল। প্রায় ২০ বছর আগে পুকুরটি ভরাট করা হয়। এ জন্য জায়গাটির নাম পুকুরপাড়।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, আগে এখানে পুকুর ছিল। পরে ভরাট করে বাড়ি বানানো শুরু হয়। ওই বাড়ি নির্মাণের সময় পাইলিং ঠিকমতো করা হয়নি বলে এলাকাবাসীর পক্ষ থেকে রাজউকের কাছে একটি অভিযোগও করা হয়েছিল। তিনি বলেন, মাত্র ৩০ ফুট গভীর পাইলিং করে বাড়িটির নির্মাণকাজ শুরু হয়। পাশের ৩০৩/৩ নম্বর ভবনের দোতলার বাসিন্দা রহমতুল আজিজ প্রথম আলোকে বলেন, সশব্দে যখন ভবনটি দেবে যায়, তখন তাঁর বাসাতেও ঝাঁকুনি অনুভূত হয়। বাড়ির শিশুরা আতঙ্কে কান্না শুরু করে। এর পরই তাঁরা সবাই অন্য একটি বাড়িতে আশ্রয় নেন। এর আগে রাজধানীর দক্ষিণখান ও বেগুনবাড়িতে দুটি ভবন উপরে পড়ে বহু হতাহতের ঘটনা ঘটে।