যমুনা নদীর ভাঙনের কারণে জামালপুরের দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ রেলপথে গত কয়েক বছরের অধিকাংশ সময় রেল চলাচল বন্ধ ছিল। বিশেষ করে বর্ষায় ভাঙন তীব্র হয়। প্রতিবছরই আবার নতুন করে রেললাইন মেরামত করা ও বসানো হয়। সর্বশেষ গত বছরের ৩ জুলাই ওই রেললাইনের প্রায় আধা কিলোমিটার নদীগর্ভে চলে যায়। ভাঙনের আশঙ্কা থাকা সত্ত্বেও আবার দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর তীরে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটার রেলপথ বসিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। জানা গেছে, এ রেলপথে গত মঙ্গলবার বেলা ১২টার দিকে পরীক্ষামূলক একটি রেল ইঞ্জিন চালানো হয়। এ পথে ফেরিতে যমুনা নদী পার করে মেরামতের জন্য গতকাল বুধবার একটি ত্রুটিপূর্ণ ইঞ্জিন পূর্বাঞ্চল (চট্টগ্রাম) থেকে পশ্চিমাঞ্চলের পার্বতীপুর কেন্দ্রীয় রেলওয়ে ওয়ার্কশপে পাঠানো হয়।রেলওয়ে সূত্র জানায়, দেওয়ানগঞ্জ স্টেশন থেকে রেললাইনটি যমুনা নদীর পাড়ে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত গেছে। এ ঘাট থেকে ফেরিতে যমুনা নদী দিয়ে ট্রেন পাঠানো হবে পশ্চিমাঞ্চলের গাইবান্ধার বালাসী ঘাটে। নাব্যতা কম হওয়ায় বছরের ছয়-সাত মাস বালাসী ঘাট বন্ধ থাকে। ফলে এ পথে রেলের পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের যোগাযোগ এমনিতেই বছরের বেশির ভাগ সময় বন্ধ থাকে। তা ছাড়া যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর ওই পথে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মাঝেমধ্যে কিছু পণ্যবাহী ট্রেন চলাচল করে। অথচ রেলের প্রকৌশল বিভাগ প্রায় প্রতি বছর বর্ষার আগে দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ সেকশনের রেললাইন স্থাপন, মেরামত, পুনর্বাসন কিংবা মাটি কাটতে অর্থ বরাদ্দ দেয়। গত ছয় বছরে এ সেকশনে প্রায় তিন কোটি টাকা ব্যয় করা হয়েছে। এবার বর্ষা মৌসুমেও রেললাইনটি যমুনায় বিলীন হওয়ার আশঙ্কা করছেন রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।রেলের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেন, ‘যমুনার ভাঙনের বিষয়টি মাথায় রেখেই আমরা নতুন লাইন বসিয়েছি। এ লাইন ব্যবহার করে পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের কারখানায় মেরামতের জন্য কিছু ইঞ্জিন ও স্লিপার পাঠানো হবে।’ বার বার নদীতে বিলীন হওয়া সত্ত্বেও কেন এই সেকশনে অর্থব্যয় করা হয়—এমন প্রশ্নে ইউসুফ আলী বলেন, ‘কোনো কাজ না হলেও ওই এলাকার গরিব লোকজন বছরের একটি মৌসুমে কিছু টাকা তো পাচ্ছে। এটাও বা কম কীসের?’ রেলের প্রধান প্রকৌশলী বলেন, ‘এবার নতুন করে রেললাইন বসানোর জন্য আমাদের কোনো ভূমি অধিগ্রহণ করতে হয়নি। এখানে জমা স্লিপার ও রেললাইন দিয়ে কাজ করা হয়েছে। শুধু লাইন বসানোর শ্রমিক এবং কিছু মাটি কাটা ও মাটি ভরাটের জন্য আমরা দরপত্র আহ্বান করে ৫০ থেকে ৬০ লাখ টাকার কাজ করিয়েছি।’ রেলওয়ে সূত্র জানায়, যমুনার অব্যাহত ভাঙনের ফলে ২০০৬ সালের ৪ নভেম্বর, ২০০৭ সালের ২৬ জুলাই এবং ২০০৮ সালের জুনে এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। গত বছরের বন্যা ও নদীভাঙনে বিধ্বস্ত হলে দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ সেকশনের প্রায় চার কিলোমিটার অংশ তুলে সেকশন বন্ধের চিন্তাভাবনা করা হয়। প্রসঙ্গত, গত বছরের ২০ জুলাই ‘অপ্রয়োজনীয় রেললাইন বারবার মেরামত, দুই কোটি টাকা পানিতে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সে সময় রেলের মহাপরিচালক মো. বেলায়েত হোসেন (এখনো তিনি একই পদে আছেন) প্রথম আলোকে বলেছিলেন, একবার মাটির কাজ হবে—আবার তা পানিতে ধুয়ে মুছে যাবে, তা আর হবে না।’ মহাপরিচালক এখন দেশের বাইরে আছেন। ভারপ্রাপ্ত মহাপরিচালক হাবিব আহমেদ বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে এখন বেশি ট্রেন যাচ্ছে। এ কারণে ইঞ্জিনের মতো ভারী যন্ত্রপাতি পরিবহনের জন্য বিকল্প পথে নতুন লাইন বসানো হচ্ছে। তবে বিষয়টি সম্পর্কে রেলের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী ভালো জানেন।