আবার ‘কবর’
মুনীর চৌধুরীর লেখা কবর নাটকটি আরণ্যক নাট্যদল প্রথম মঞ্চস্থ করেছিল ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি, ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। নাটকটিতে অভিনয় করেছিলেন আলী যাকের, সুভাষ দত্ত, ইনামুল হক, মামুনুর রশীদ, নাজমুল হোসাইন, মুজিব বিন হকসহ আরও অনেকে। কবর ছিল আরণ্যক নাট্যদলের প্রথম নাটক। এবার প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি হচ্ছে ঢাকার মঞ্চের নাটকের এই দলটির। কবর নাটকটির নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। তিনি এখন আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক। জানালেন, প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা পরিকল্পনা করছেন তাঁরা। এর মধ্যে রয়েছে সেমিনার, কর্মশালা, নাট্যোৎসবসহ আরও কিছু। প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উৎসব আয়োজন উপলক্ষে গত রোববার সন্ধ্যায় ধানমন্ডিতে আরণ্যক নাট্যদলের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। এখানে এসেছিলেন দলটির বর্তমান এবং পুরোনো অনেক সদস্য। গতকাল সোমবার মামুনুর রশীদ বলেন, ‘কবর ছিল আমাদের দলের প্রথম নাটক। ৪০ বছর পূর্তিতে নাটকটির স্মারক অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি। নাটকটির প্রথম প্রদর্শনীতে যাঁরা অংশ নিয়েছিলেন, সেই শিল্পী ও কলাকুশলীদের সংবর্ধনা দেওয়া হবে। নাটকটিতে এবার কোন শিল্পীরা অভিনয় করবেন, তা দু-এক দিনের মধ্যেই জানা যাবে। বছরব্যাপী কার্যক্রমের সূচনা হবে ১ ফেব্রুয়ারি।’ জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় কবর নাটকটি মঞ্চস্থ হবে আগামী ১ ফেব্রুয়ারি সন্ধ্যায়। পাশাপাশি কবর নাটকের ওপর একটি স্থাপনা প্রদর্শনীরও আয়োজন করা হবে।