আবার ‘গ্রন্থিকগণ কহে’
সেলিম আল দীনের লেখা গ্রন্থিকগণ কহে নাটকটি বিটিভিতে প্রচারিত হয় গত শতকের আশির দশকের শেষ দিকে। এবার নতুন করে টিভির জন্য আবার তৈরি হচ্ছে ধারাবাহিকটি; বর্ধিত কলেবরে, নতুন নির্দেশনায়। আর এই কাজটি এখন করছেন বদরুল আনাম সৌদ। গত সোমবার থেকে টঙ্গীতে শুরু হলো নাটকটির শুটিং। নাটকে অভিনয় ও প্রযোজনার সঙ্গে জড়িত আছেন সুবর্ণা মুস্তাফা। বিটিভিতে এই নাটকে তিনি অভিনয় করেছিলেন ‘চম্পা’ চরিত্রে। আর এবার তাঁর চরিত্রটি ‘নিশি’।বললেন, ‘চ্যানেল নাইনের ধারাবাহিকের জন্য আমরা একটা মৌলিক গল্প খুঁজছিলাম। পরে গ্রন্থিকগণ কহের কথা মনে হলো। বাংলা সাহিত্যে এটি একটি অসাধারণ সংযোজন।’যাত্রা, যাত্রাশিল্পী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবনের গল্প আর তাঁদের জীবনসংগ্রামের কথা তুলে ধরা হয়েছে এই নাটকে। যাত্রার আদি ঢং নষ্ট হয়ে যাচ্ছে, যুক্ত হচ্ছে অশ্লীলতা, বড় আকর্ষণ হয়েছে ‘প্রিন্সেস’—আছে সেসব প্রসঙ্গও। বিটিভিতে প্রচারিত হয়েছিল ১০ পর্ব। কিন্তু এবার হবে ৫২ পর্ব। এখন অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, বন্যা মির্জা, জীতু আহসান, সাজু খাদেম, সানজিদা প্রীতি, শুভাশীষ সিনহা, মঈন আহমেদ প্রমুখ। পরে আরও যুক্ত হবেন দীপা খন্দকার ও প্রাণ। নাচের নির্দেশনা দিচ্ছেন বিজু। নাটকে সাবেরী আলমের গানের সঙ্গে ঠোঁট মেলাবেন সুবর্ণা মুস্তাফা।