আবার ‘বিবিসি জানালা মজায় মজায় শেখা’
১০ মার্চ থেকে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে শুরু হচ্ছে বিবিসি প্রযোজিত ‘বিবিসি জানালা—মজায় মজায় শেখা’র দ্বিতীয় আয়োজন। গত বছর ইংরেজি শেখার এই বিনোদনধর্মী গেম শোর প্রথম আয়োজনটি প্রচারিত হয়েছিল ধারাবাহিক নাটক বিশ্বাস-এর সঙ্গে। সঙ্গে ছিল মজার সব খেলা আর হাস্যরসের মাধ্যমে ইংরেজি শেখার সুযোগ। বিবিসি সূত্রে জানা গেছে, ‘বিবিসি জানালা’ যুক্তরাজ্যের ইউকে এইডের অর্থায়নে পরিচালিত ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্প। এর লক্ষ্য, ২০১৭ সালের মধ্যে বাংলাদেশের আড়াই কোটি মানুষের ইংরেজি ভাষার দক্ষতা বাড়িয়ে তোলা।দ্বিতীয় সিরিজে থাকছে ১৬টি পর্ব। দর্শকদের জন্য থাকবে নতুন নতুন সব খেলা আর নানা বিনোদনের আয়োজন। থাকবে বিভিন্ন কমেডি ক্লিপস, স্থানভিত্তিক ছোট ছোট নাট্যাংশ এবং গ্রাফিক ভিডিওর অংশবিশেষ। ‘বিবিসি জানালা’র নতুন কোর্সে একাধিক লেসন শেখা ও অনুশীলনী চর্চা করার সুযোগ থাকবে। নতুন এই আয়োজনের পাশাপাশি ‘বিবিসি জানালা’র নতুন কোর্সের লেসনগুলো প্রথম আলোতে পাওয়া যাবে। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে বিবিসি জানালা—মজায় মজায় শেখা প্রচারিত হবে প্রতি শনিবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে। পুনঃপ্রচার করা হবে প্রতি সোমবার সকাল আটটা ৩৫ মিনিট এবং বুধবার বেলা সোয়া দুইটায়।