আবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠান
‘মেরিল-প্রথম আলো তারকা জরিপ ও সমালোচক পুরস্কার ১৯৯৯’ অনুষ্ঠানটি আজ দেখা যাবে মাছরাঙা টিভিতে, রাত আটটায়। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন হানিফ সংকেত। ১০০ জন ঢুলির ঢোলবাদনের মধ্য দিয়ে মঞ্চে আসেন তিনি। পুরস্কার প্রদানের ফাঁকে ছিল নানা পরিবেশনা। এই অনুষ্ঠানে গান গেয়েছিলেন আজম খান। তাঁর সঙ্গে ছিলেন আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া ও হাসান। তিনটি জনপ্রিয় গানের ম্যাডলিতে অংশ নেন কনকচাঁপা, সামিনা চৌধুরী ও শাকিলা জাফর। গান গেয়েছেন নকুল কুমার বিশ্বাসও। বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছিলেন শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, শমী কায়সার ও আফসানা মিমি। অনুষ্ঠানে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের অনেকেই আজ আর আমাদের মাঝে নেই। তাঁদের মধ্যে ছিলেন: গোলাম মুস্তাফা, আবদুল্লাহ আল-মামুন, শাহাদত চৌধুরী, রওশন জামিল, হাসনা বানু খানম, হুমায়ুন ফরীদি প্রমুখ। অনুষ্ঠানটি প্রচারের মধ্য দিয়ে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে।