আবারও অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, আটক ১৮
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৮ জনকে আটক করেছে। তাদের মধ্যে আটজন মিয়ানমারের নাগরিক। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয়। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, আটক ব্যক্তিদের থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।বিজিবি জানায়, উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়ির (চৌকির) বিজিবির জওয়ানেরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিয়ানমারের আট নাগরিকসহ ১৮ জনকে আটক করেছে। তাঁরা হলেন—মোহাম্মদ নূর, সালামত উল্লাহ, মোহাম্মদ আলম, মো. ইয়াহিয়া, মো. ইদ্রিস, নজির আহমদ, মো. হাসেম, মনির আলম, আবুল বশর, আবুল কালাম, খাইরুল আলম, নুরুল আবছার, মো. আলম, হোসেন আলী, আবুল হোসেন, আনজল হোসেন, আবুল বশর ও আবদুল হালিম। আটক ব্যক্তিরা জানান, জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার জন্য তাঁরা বিলকিস আকতার ও মৌলভি আবদুর রহিম নামের দালাল চক্রে সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ জন্য ওই দালাল চক্রকে তাঁরা জনপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা করে অগ্রিম দিয়েছেন। বাকি টাকা মালয়েশিয়ায় পৌঁছানোর পর ওই দালাল চক্রের নিয়োজিত ব্যক্তিদের হাতে দেওয়ার কথা ছিল। টেকনাফ থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, মানব পাচারকারী দালাল চক্রের একাধিক নাম পাওয়া গেছে। তাদের আটক করার জন্য পুলিশের অভিযান চলছে।