আবারও অভিনয়ে তাহসান
সংগীতশিল্পী তাহসান প্রথম টিভি নাটকে অভিনয় করেন আফসানা মিমির পরিচালনায়। ‘অফবিট’ নামের ওই নাটকটি ২০০৪ সালে দেখানো হয়। তাহসান সর্বশেষ অভিনয় করেন অন্তর্গতা’ নামের একটি খণ্ড নাটকে। আনিসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেন শামীম শাহেদ। এবার একটি টেলিছবিতে অভিনয় করলেন তাহসান। অভিনয়ের পাশাপাশি ‘আমাদের গল্প’ নামের টেলিছবিটির গানেও কণ্ঠও দিয়েছেন তিনি। পরিচালক ইফতেখার ফাহমী। প্রযোজনায় এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ঢাকার ধানমন্ডি এলাকা, বিমানবন্দর, বনানী, পুরোনো ঢাকা ও এফডিসিতে টেলিছবিটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।অভিনয় প্রসঙ্গে তাহসান বলেছেন, ‘আসলে বড় বাজেটের কোনো নাটক বা টেলিছবিতে কাজ করার মধ্যে অন্য রকম একটা আনন্দ আছে। কারণ, পরিচালক এখানে বেশ স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা রাখেন। সময় নিয়ে কাজ করা যায় বিধায় নাটক কিংবা টেলিছবিটিরও মানও বেশ ভালো হয়।’তাহসান আরও বলেন, ‘ আমি সব মিলিয়ে পাঁচ-ছয়টি নাটকে অভিনয় করেছি। তবে টেলিছবিটির পরিচালকের সঙ্গে আমার চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাঁর সঙ্গে কাজ করতে যেয়ে দেখেছি তিনি পুরো গল্পটা কখনোই প্রকাশ করেন না। তাই কাজটা কী হচ্ছে সেটা একমাত্র তিনিই বলতে পারেন। তবে ফাহমীর সঙ্গে কাজ করতে ভালো লাগে।’টেলিছবিটির গল্প গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচ বন্ধুকে নিয়ে। বিশ্ববিদ্যালয় জীবন শেষ হওয়ার প্রায় সাত বছর পর আবার একে-অন্যের সঙ্গে দেখা। জীবনের বহু ঘাত-প্রতিঘাত পার হয়ে বন্ধুরা আবার নতুন করে বন্ধুত্ব এবং জীবনের মানে খুঁজে পায়। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে ‘আমাদের গল্প’ টেলিছবির গল্প এগিয়ে যায়। তাহসান ছাড়াও টেলিছবিটির অন্য অভিনয়শিল্পীরা হলেন জয়া আহসান, ইরেশ যাকের, ঈশিতা, রিপন নাথ, রওনক, জয়রাজ, সোহেল ও নাফিসা।আমাদের গল্প টেলিছবিতে আবহসংগীত এবং সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন ফুয়াদ আল মুক্তাদির। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তাহসান, চঞ্চল ও তরুণ। ধ্বনি-চিত্রের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত আমাদের গল্প টেলিছবিটি পয়লা বৈশাখে এনটিভিতে দেখানো হবে।