আবারও অভিনয়ে ফুয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির প্রথম অভিনয় করেছিলেন ‘ব্রেকিং নিউজ’ নামের একটি নাটকে। সম্প্রতি আবারও একটি নাটকে অভিনয় করলেন তিনি। নাটকটির নাম ‘শব্দহীন রাত্রি’। রচনা ও পরিচালনা করেছেন গাজী আবু সায়েফ রাজন। ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকে ফুয়াদকে গানের মানুষ হিসেবেই দেখানো হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক। অভিনয় প্রসঙ্গে ফুয়াদ বলেন, ‘নাটকটির গল্প শোনার পর ভালো লেগেছিল। তা ছাড়া আমার চরিত্রটি খুব সাধারণ। আমি যেমনটা সে রকমই। আমি নাটকটিতে নিজের মতো চরিত্রেই অভিনয় করেছি।’ ফুয়াদ আরও বলেন, ‘নাটকে দেখা যাবে সোহানা সাবা আমার একজন ভক্ত। সে হিসেবেই সাবা আমার সাথে দেখা করতে আসে। আমিও যথারীতি ভক্তদের যেভাবে ম্যানেজ করি, কথা বলি সেভাবেই নাটকটি কাজ করেছি। তাই চরিত্রটি নিয়ে বাড়তি কোনো সমস্যা হয়নি।’শব্দহীন রাত্রি নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। এ ছাড়া নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন—বিনয় ভদ্র, কবির চৌধুরী, মহসিন বাবুসহ অনেকেই।