আবারও অর্থনীতিতে ভুল সংকেত দিলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, হল-মার্ক গ্রুপের সঙ্গে সরকারের সমঝোতা হচ্ছে। সমঝোতার অংশ হিসেবে হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ জামিন নিয়ে বের হয়ে আসবেন এবং সোনালী ব্যাংক ঋণ পুনঃ তফসিল করে দেবে। দুই মাস আগে হঠাৎ করে গ্রুপের চেয়ারম্যান, তানভীর মাহমুদের স্ত্রী জেসমিন ইসলামের জামিন নিয়ে বের হয়ে আসার ঘটনা এই সমঝোতারই ইঙ্গিত দেয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের পক্ষ থেকেও একই ধরনের আবেদন করা হয়েছিল। সেই আবেদনে চেয়ারম্যান-এমডির জামিনও চাওয়া হয়। তখনই সরকারের সঙ্গে একধরনের সমঝোতার কথা শোনা যাচ্ছিল।জেসমিনের এই জামিন ছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) অজান্তে। আর হঠাৎ করেই তাঁর জামিন পাওয়া নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হলে জামিন বাতিল করা হয়। তার পরও জেসমিন স্বল্প সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট সব মহলে ঋণ পুনঃ তফসিলের জন্য আবেদন জানান।হল-মার্ক গ্রুপ যা যা চেয়েছিল, হুবহু সেসব কথাই এখন বলছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পুনঃ তফসিল, জামিন, বিনিয়োগের স্বার্থ, ৪০ হাজার শ্রমিকের চাকরি—এসবই বলছেন তিনি। একই সঙ্গে যাঁরা তাঁর এসব পরিকল্পনার সঙ্গে একমত নন, তাঁদের সমালোচনা করছেন। তবে এক জায়গায় অর্থমন্ত্রী স্থির। আগেও বলেছিলেন যে চার হাজার কোটি টাকা বড় কিছু নয়। এখনো তা-ই বলছেন। যদিও মাঝে এই বক্তব্যের জন্য জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছিলেন।যেকোনো ধরনের আর্থিক জালিয়াতিকে আড়াল করার প্রধান হাতিয়ার হচ্ছে অর্থ ফেরত পাওয়ার কথা প্রচার করা। কেলেঙ্কারির জন্য দায়ী সোনালী ব্যাংক কর্তৃপক্ষ প্রথম থেকেই এ কথা বলে আসছে। সোনালী ব্যাংক আগেও এক দফা ঋণ পুনঃ তফসিল করে ঋণটি নিয়মিত করার চেষ্টা করেছিল।সবার মনে এখন প্রশ্ন, কার স্বার্থে হল-মার্ক গ্রুপকে নতুন ঋণ দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী বলেছেন, দেশের, বিনিয়োগের এবং শ্রমিকের স্বার্থের কথা। কিন্তু বিভিন্ন মহলের সঙ্গে কথা বলার পর ধারণা হয়েছে, উদ্দেশ্য অন্য। অনেকেরই সন্দেহ, এর সঙ্গে ব্যক্তিস্বার্থই প্রধান।হল-মার্কের বিষয়ে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাবেক ও বর্তমান কয়েকজন ব্যাংকার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বললে প্রত্যেকেই বিস্ময় প্রকাশ করেছেন। একই সঙ্গে পুনর্বাসন উদ্যোগের পেছনে দুটি ধারণার কথাও বেশির ভাগ ব্যক্তি বলছেন। একটি হচ্ছে, আর্থিক সমঝোতা। আমরা জানি, হল-মার্ক গ্রুপ জালিয়াতি করে দুই হাজার ৬৮১ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাৎ করেছে। প্রথম আলোতে ২৯ মার্চ প্রকাশিত একটি সংবাদে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সূত্র উল্লেখ করে বলা হয়েছে, এই জালিয়াতি করতে গিয়ে তাদের নানা জায়গায় প্রায় ৩০০ কোটি টাকা দিতে হয়েছে। অনেকেরই এখন প্রশ্ন, জালিয়াতি আর জেল থেকে মুক্ত হতে কী পরিমাণ অর্থ তাদের নতুন করে ব্যয় করতে হবে।আর দ্বিতীয় ধারণাটি হচ্ছে, দুদক মামলা করেছে। এই মামলার ক্ষেত্রে তানভীর মাহমুদের একটি জবানবন্দি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জবানবন্দিতে জালিয়াতির সঙ্গে জড়িত কয়েকজন ব্যাংক কর্মকর্তা এবং সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের একজন সাবেক সদস্যের নাম এসেছে। এই সদস্য হচ্ছেন সাইমুম সরওয়ার। তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দুদক সূত্রে জানা গেছে, প্রভাবশালী আরও কয়েকজনের নামও দুদকের জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে। সুতরাং, মামলার কার্যক্রম যত এগোবে, ততই নতুন নতুন নাম প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকবে। এর চেয়ে হল-মার্কের সঙ্গে আপাতত সমঝোতা করাকেই হয়তো শ্রেয় মনে করছে সরকারের উচ্চ মহল।আমরা আরও জানি, জালিয়াতি করা দুই হাজার ৬৮১ কোটি টাকার বিপরীতে সোনালী ব্যাংকের কাছে গচ্ছিত জমি, ভবন ও যন্ত্রপাতির আর্থিক মূল্য হচ্ছে ৩৯০ কোটি টাকা। সাভার এলাকায় যেসব জমি নিজেদের দাবি করা হয়েছে, তার বড় অংশই দখল করা সরকারি, খাস ও বেসরকারি জমি। আবার গ্রুপের ৬৮টি প্রতিষ্ঠানের নাম বলা হলেও শুরু থেকেই চালু ছিল হাতেগোনা কয়েকটি। বাকিগুলো সাইনবোর্ডসর্বস্ব প্রতিষ্ঠান। ৪০ হাজার শ্রমিকের কথা বলা হলেও প্রকৃতপক্ষে পাঁচ থেকে ছয় হাজারের বেশি শ্রমিক কখনোই ছিল না বলে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। আবার বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ প্রথম থেকেই আনুষ্ঠানিকভাবে বলে আসছে, হল-মার্ক গ্রুপ ঋণ আত্মসাৎ করেনি; বরং জালিয়াতি করে আর্থিক সুবিধা তুলে তা আত্মসাৎ করেছে। এই অর্থ কোনোভাবেই ঋণ নয়। সুতরাং, চুরি করা অর্থকে নিয়মিত করার কোনো সুযোগ আইনেও নেই। হল-মার্ক গ্রুপকে আবার ঋণ দেওয়ার পরিকল্পনায় সবচেয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। অনেকেই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন। কারণ, হল-মার্ক গ্রুপকে বিশেষ ছাড় দেওয়ার অর্থ হচ্ছে, সব দুর্নীতিগ্রস্তকে বিশেষ একটি সংকেত দেওয়া। আর সেটি হচ্ছে, দুর্নীতি করেও পার পাওয়া সম্ভব, যত বড় দুর্নীতিই হোক না কেন। এ অবস্থায় একবার হল-মার্ক গ্রুপ নতুন ঋণ পেলে বাকিদের দুর্নীতি ঠেকানোর কোনো পথ থাকবে না, ব্যাংকগুলোর নৈতিক জোরও কাজ করবে না। এ অবস্থায় ঋণ দিয়ে তা নিয়মমাফিক আদায় করাও ব্যাংকগুলোর পক্ষে সহজ হবে না। সুতরাং, অর্থ মন্ত্রণালয় এখন যতই ব্যাখ্যা প্রদান করুক, ব্যাংকিং খাত কিন্তু একটি খারাপ সংকেত পেয়েই গেল। আর এই সংকেত সার্বিক অর্থনীতির জন্য মোটেই ভালো নয়। রাজনীতির জন্যও তা খারাপ।দুই বছর আগে বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, রাজনীতি হচ্ছে সুনিপুণ সমঝোতার একটি কৌশল। অর্থমন্ত্রী সম্ভবত এখনো সেই কথাটিই মনে রেখেছেন।