অ্যাসিড কেড়ে নিল ফারজানা আক্তারের জীবন। গত ১১ নভেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার সোনাকান্দার ড. মোশাররফ হোসেন ইসলামিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর এই ছাত্রী অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়।কুমিল্লার সোনাকান্দার নিজ বাড়িতে ভাগনে ফয়সাল আহমেদ, গৃহকর্মী খাদিজা আক্তারসহ ফারজানা ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে ফারজানা, ফয়সাল ও খাদিজা—তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিলের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, শয্যায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে ফারজানা, ফয়সাল ও খাদিজা। অ্যাসিডে ফারজানার মুখ ও হাত, ফয়সালের মুখ এবং খাদিজার হাত ঝলসে যায়। পরে ফারজানাকে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গিয়ে দেখা গেল, অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে তাকে। এ কারণে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তখন কথা হলো তার ভাই নিজাম উদ্দিনের সঙ্গে। এই হাসপাতালে ৩ ডিসেম্বর সকাল ১০টায় সে মারা যায়। খবরটা তার ভাই নিজাম উদ্দিনই টেলিফোনে জানান।নিজাম উদ্দিনের কাছ থেকে জানা যায়, ফারজানার পাশের গ্রাম জামালকান্দির সাদ্দাম হোসেন ও মাদ্রাসাশিক্ষক দেলোয়ার হোসেন ফারজানাকে যৌন হয়রানি করেন এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকেন। ঘটনার ১৫ দিন আগেও তাকে টেলিফোনে হুমকি দিয়ে বলেন, ‘এমন কাজ করব, নিজের চেহারা দেখতেও ভয় পাবি।’ঘটনার পর ফারজানার বাবা জালাল উদ্দিন বাদী হয়ে সাদ্দামসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেন। পুলিশ আমিন, বাবু ও রাসেল নামের তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। সাদ্দাম আদালতে আত্মসমর্পণ করেছে। ফারজানার আরেক ভাই জিসান আহমেদ বলেন, ‘আমার বোনকে অ্যাসিড মেরে যারা হত্যা করেছে, জামিনে বের হয়ে এলে তারা আমাদের ক্ষতি করতে পারে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ফয়সাল এখনো ঢাকার বনানীতে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের হাসপাতালে চিকিৎসাধীন। তাই এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিতে পারেনি সে। গৃহকর্মী খাদিজার অবস্থা উন্নতির দিকে।ফারজানার মা হোসনে আরা বেগম ও বাবা জালাল উদ্দিন সর্দার বলেন, ‘আমরা ন্যায়বিচার ছাড়া আর কিছুই চাই না।’সোনাকান্দা গ্রামের সোলেমান সরকার ও সুলতান আহমেদ মনে করেন, অ্যাসিড হামলাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় না করালে আরও মেয়ে এর শিকার হতে পারে।পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান মোল্লা জানান, প্রশাসনের কাছে তাঁর দাবি, প্রকৃত আসামিরা যেন দ্রুত গ্রেপ্তার হয়। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়।মারা যাওয়ার আগে কষ্টে দগ্ধ ফারজানার শেষ ইচ্ছা ছিল প্রকৃত দোষীদের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়।