আবারও আলোচনায় রণবীর-ক্যাটরিনা
রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক নিয়ে রশি টানাটানি এখন পর্যন্ত কম হয়নি। কিন্তু আজ অবধি অস্পষ্টই রয়ে গেছে তাঁদের সম্পর্কের সংজ্ঞা। একটা সময়ে প্রেমের সম্পর্ক থাকলেও, এখন বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক নেই বলেই দাবি বলিউডের এই তিন তারকার। অবশ্য তাঁদের মুখের কথা এবং বাস্তবতায় খুব বেশি মিল না পেয়ে কিছুটা ধন্দেই রয়েছেন বি-টাউনের বাসিন্দারা। সম্প্রতি একসঙ্গে সময় কাটানোয় আবারও আলোচনায় উঠে এসেছেন বহুল আলোচিত রণবীর-ক্যাটরিনা জুটি।আয়ান মুখার্জি পরিচালিত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির শুটিংয়ে ২০ দিন মুম্বাইয়ের বাইরে ছিলেন রণবীর ও দীপিকা। এই সময়টাতে দীপিকার আচরণে স্পষ্ট ফুটে উঠেছে রণবীরের প্রতি তাঁর ভালো লাগার বিষয়টি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টিওআই জানিয়েছে, ‘আজও অন্তর থেকেই রণবীরকে পছন্দ করেন দীপিকা। মানালিতে ২০ দিন রণবীরের সঙ্গে আউটডোর শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সেখানে দীপিকার আচরণে মনে হয়েছে, এর চেয়ে চমত্কার আউটডোর শুটিং এর আগে কখনোই আসেনি তাঁর জীবনে।’সূত্রটি আরও জানিয়েছে, ‘রণবীরও সেখানে সহজভাবেই মিশেছেন দীপিকার সঙ্গে। কিন্তু মুম্বাই ফেরার সঙ্গে সঙ্গেই ক্যাটরিনার সঙ্গে দেখা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন রণবীর। সন্ধ্যায় মুম্বাইয়ের মাটিতে পা দিয়েই প্রথম যে মানুষটিকে রণবীর ফোন করেন তিনি হলেন ক্যাটরিনা। ক্যাটরিনাও তাঁর ডাকে সাড়া দিয়ে পালি হিলে ছুটে আসেন। সেখানে তাঁরা দুজন বেশ খানিকটা সময় একসঙ্গে কাটান।’রণবীরের সঙ্গে সম্পর্কের সংজ্ঞা জানতে চাইলে কখনোই সোজাসাপটা জবাব দেন না ক্যাটরিনা। এ-সংক্রান্ত প্রশ্ন করা হলে হয় তিনি মন্তব্য জানাতে অস্বীকৃতি জানান কিংবা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। অন্যদিকে কোনো সাক্ষাত্কারেই ক্যাটরিনা সম্পর্কে মুখ খুলতে রাজি হন না রণবীর। এ জুটির এমন রহস্যজনক আচরণ বিভ্রান্তই করছে সবাইকে। এদিকে শিগগিরই শুটিংয়ের কাজে আবারও ২০ দিনের জন্য মুম্বাই ছেড়ে উদয়পুর যাচ্ছেন রণবীর-দীপিকা। মজার বিষয় হলো, প্রায় একই সময়ে ‘এক থা টাইগার’ ছবির শুটিংয়ে বিশ দিনের জন্য ব্যাংকক যাচ্ছেন ক্যাটরিনা এবং তাঁর সাবেক প্রেমিক সালমান খান। দেখার বিষয় হলো, উদয়পুর থেকে ফিরে আবারও ক্যাটরিনাকে ফোন করেন কি না রণবীর!