আবারও উপসচিবের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
আবারও কিশোরী গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এক উপসচিব ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। নির্যাতনের অভিযোগে আজ বুধবার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছে ঘটনার শিকার কিশোরী তাহমিনা (১৪)। মোহাম্মদপুর থানা হেফাজতে থাকা তাহমিনার গোটা শরীরে রয়েছে মারের চিহ্ন ও দগদগে-ঘা।এর আগে গত ১৯ জুলাই বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব সোলায়মান মন্ডলের বিরুদ্ধে নূরজাহান (১৩) নামের এক কিশোরী গৃহকর্মীকে হত্যার অভিযোগ এনে পল্টন থানায় মামলা দায়ের করেন ওই কিশোরীর বাবা নূর ইসলাম। সোলায়মান পলাতক রয়েছেন। পুলিশের বক্তব্য হচ্ছে, দীর্ঘদিন ধনে মারধর করে, আর না খেতে দিয়ে তিলে তিলে মেরে ফেলা হয়েছে গৃহকর্মী নূরজাহানকে।আজকের ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, উপসচিব রাশেদুল ইসলামের বাসায় প্রায় এক বছর থেকে কাজ করতো তাহমিনা। বিভিন্ন সময় তাহমিনাকে মারধর করতেন উপসচিবের স্ত্রী মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বাংলা বিভাগের শিক্ষক শারমিনা রহমান। মেয়েটিকে রুটি বানানোর বেলন ও গরম খুন্তি দিয়ে মারধর করা হয়েছে। তার চোখের ভেতর আঙুল ঢুকিয়ে দিতেন গৃহকর্ত্রী।তবে টেলিফোনে প্রথম আলোর কাছে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন উপসচিব রাশেদুল ইসলাম। তিনি বলেন, ওগুলো তার পুরনো দাগ। সে প্রায় এক বছর থেকে এ বাসায় রয়েছে। এ সময় তাকে মারধর করা হয়নি। পিঠে দগদগে ঘা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওগুলো আগেই ছিল। আপনারা যতো খানি দগদগে বলছেন ওগুলো সেরকম নয়’।মোহাম্মদপুর থানার অপারেশন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, এ বিষয়ে নির্যাতনের শিকার মেয়েটি বাদী হয়ে রাশেদুল ইসলাম ও তাঁর স্ত্রী হ্যাপির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (মামলা নম্বর ৬২) দায়ের করেছে। পুলিশ আজ অভিযুক্তদের বাসায় গিয়ে দেখে বাসায় তালা মারা।মঞ্জুরুল জানান, মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ২ নম্বর সড়কের ১২ নম্বর বাসার পাঁচ তলায় উপসচিব রাশেদুলের নিজের ফ্ল্যাট। দেড় দুই মাস আগে তাঁরা এখানে উঠেছেন। এর আগে তাঁরা মিরপুর ন্যাম ফ্ল্যাটে থাকতেন।ঘটনার শিকার তাহমিনা থানায় জানায়, তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। গত কোরবানি ঈদের সময় এক খালাতো ভাইয়ের মাধ্যমে সে ওই বাড়িটিতে ওঠে। কথা ছিল গৃহকর্তা প্রতিমাসে তার নামে টাকা রাখবে। সেই টাকা দিয়ে তার বিয়ে দেওয়া হবে, তাকে জমি কিনে দেওয়া হবে। সেই বাড়িতে কাজ নেওয়ার কয়েকদিন পর থেকেই গৃহকর্ত্রী তাকে মারধর শুরু করেন। গতকালই মাছে তেল বেশি দেওয়ায় তার মাথায় সয়াবিন তেল ঢেলে দিয়েছেন গৃহকর্ত্রী। থানায় দেখা গেল তার মাথায় চুপচুপে সয়াবিন তেল। তার পীঠে দগদগে ঘা। দুই হাতে অসংখ্য দাগ।তাহমিনার অভিযোগ, টিভি দেখলে তার চোখে আঙুল ঢুকিয়ে দিতেন গৃহকর্ত্রী, এছাড়া বিভিন্ন সময় গরম খুন্তি, বেলন ইত্যাদি হাতের কাছে যা পেতেন তা দিয়েই চলতো মারধর। আজ গৃহকর্ত্রী তাকে খুন্তি দিয়ে মারধরের হুমকি দিলে সে পালানোর পরিকল্পনা করে। দুপুর দুইটার দিকে ময়লা ফেলার অজুহাতে সে পালিয়ে এলে স্থানীয়রা তাকে প্রথমে র্যাবের কাছে ও পরে পুলিশের হেফাজতে দেয়।