আবারও একুশের গানে এন্ড্রু কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ২০০৬ সালের শেষের দিকে সর্বশেষ গেয়েছিলেন একুশের গান। ২০১২ সালে আবারও অমর একুশের গানে কণ্ঠ দিলেন এন্ড্রু কিশোর। মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। গত রোববার ইস্কাটনে ফরিদ আহমেদের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তিনি।এন্ড্রু কিশোরের গাওয়া নতুন গানটির শিরোনাম হচ্ছে ‘পলাশের দিনে পলাশ হয়েই ঘরে ফিরেছিল খোকা, দেখেনি জননী কখনো কোথাও এতো লাল থোকা থোকা।’একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গাওয়া এই গানটি প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেন, ‘ মোহাম্মদ রফিকউজ্জামান আমার প্রিয় একজন গীতিকার। তাঁর লেখার প্রতি আমার দুর্বলতা একেবারে ছোটবেলা থেকে। তাঁর লেখার মধ্যে আলাদা একটা মুন্সিয়ানা আছে। তাঁর লেখা প্রতিটি গানে শব্দের গাঁথুনি শৈল্পিক ও নান্দনিক। এ ছাড়া শব্দ চয়নের ক্ষেত্রে আলাদা একটা রুচিবোধের পরিচয় পাওয়া যায় রফিক ভাইয়ের লেখার মধ্যে। ওঁর কথায় গান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি।’এন্ড্রু কিশোর এও বলেন, ‘গানটির কথা ও সুর বেশ কঠিনই বলা যায়। সবকিছুর পর অনেক ভালো লেগেছে গানটি করে।’জানা গেছে, একুশে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে একটি গানটি প্রচার হবে।নিজের অডিও অ্যালবাম প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেন, ‘আসলে অনেক কিছুই করার কথা ভাবছি। কিন্তু বর্তমান অডিও বাজারের যে অবস্থা, তাতে চাইলেও কিছু করা সম্ভব হচ্ছে না। আপাতত চলচ্চিত্রের গানে নিয়মিত কণ্ঠ দিয়ে যাচ্ছি।’উল্লেখ্য, পাঁচ বছর আগে এন্ড্রু কিশোর সর্বশেষ ভাষা দিবসের যে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। সে গানটির কথা ছিল মোহাম্মদ মনিরুজ্জামানের। সমর দাসের সুরে গাওয়া ‘শহীদ মিনার ভরে গেছে ফুলে ফুলে’ গানটি অসংখ্য শ্রোতার হূদয় ছুঁয়েছিল।