আবারও এভারেস্টের চূড়ায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্টের চূড়ায় উঠেছেন এম এ মুহিত। তিনি বাংলা মাউন্টেনিয়ারিং ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিনি এই সাফল্য অর্জন করলেন। বিএমটিসির সভাপতি ইনাম আল হক জানান, আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় এম এ মুহিতের সঙ্গে তাঁর কথা হয়েছে। এ প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘নেপালি নাগরিক প্রেমবা দর্জি শেরপার মুঠোফোন থেকে সে (মুহিত) আমাকে ফোন করে। মুহিত ও প্রেমবা গতকাল শনিবার এভারেস্টের চূড়ায় উঠেছে। সে এতটাই আবেগাপ্লুত ছিল যে তার কাছে বিস্তারিত জানতে চাইনি। কাল (সোমবার) অ্যাডভান্স বেইস ক্যাম্পে নেমে এলে মুহিতের সঙ্গে ফোনে কথা হবে। তখন তার অভিযান সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’ইনাম আল হক আরও জানান, ঢাকায় নেপালি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কৃষ্ণ চন্দ্র আড়িয়াল তাঁকে মুহিতের এভারেস্ট অভিযানের সাফল্যের খবর দেন। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু বিভাগের মহাপরিচালক শামিম আহসান বলেন, ঢাকায় নেপালি দূতাবাস শনিবার এম এ মুহিতের এভারেস্ট জয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দূতাবাসের চিঠিতে জানানো হয়, প্রেমবা দর্জি শেরপা নেপালের একটি টিভিকে জানান, এভারেস্ট অভিযানে তাঁর সহযাত্রী বাংলাদেশের এম এ মুহিত সফল হয়েছেন। এদিকে মুহিতের সাফল্যে অভিনন্দন জানিয়েছে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি)। ক্লাবের সভাপতি আনিসুল হক ও সাধারণ সম্পাদক মুসা ইব্রাহীম বলেন, ‘মুহিতের এ বিজয় দেশের জন্য এমন এক গৌরব বয়ে এনেছে, যা আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’ গত বছরের ২২ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম।