আবারও খালেদাকে মাইনাসের হুমকি ইনুর
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের আবারও হুমকি দিয়েছেন মহাজোট সরকারের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু। আজ শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাসদের ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভায় এ হুমকি দেওয়া হয়।বিএনপিকে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘আমার ১০১ কুশপুত্তলিকা পোড়ান; কিন্তু তার পরও আমি বলব, বেগম খালেদা জিয়া আল্লাহর ওয়াস্তে যুদ্ধাপরাধী-জঙ্গিবাদীদের সঙ্গ ত্যাগ করেন। যদি যুদ্ধাপরাধীদের ত্যাগ না করেন, তাহলে রাজনীতি দিয়ে, নির্বাচন দিয়ে, আন্দোলন দিয়ে, জনগণ দিয়ে আপনাকে রাজনীতির মাটি থেকে মাইনাস করব, করব।’হাসানুল হক ইনু অভিযোগ করেন, খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে আবারও ক্ষমতায় আসার জন্যই যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করছেন। ‘যাঁরা মাইনাস টুয়ের কথা বলেন, তাঁরা আসলে যুদ্ধাপরাধীদের রাজনীতিতে প্লাস করতে চাচ্ছেন’ বলেও মন্তব্য করেন ইনু।উল্লেখ্য, সম্প্রতি আরও দুবার খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের কথা বলেছিলেন হাসানুল হক ইনু। এর প্রতিবাদে ইনুর কুশপুত্তলিকা দাহ করে বিএনপি।