আবারও ছাত্রলীগের তান্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও রক্তপাত ঘটাল ছাত্রলীগ। আজ শনিবার উপাচার্যপন্থী হিসেবে পরিচিত ছাত্রলীগের কর্মীরা লাঠি, রড ও লোহার পাইপ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীদের খুঁজে খুঁজে ধরে বেধড়ক মারধর করেছে। এরপর তারা হামলা করেছে শিক্ষকদের ওপরও। রাত নয়টায় ছাত্রলীগের শতাধিক কর্মী লাঠি, রড, লোহার পাইপ নিয়ে মিছিল করতে করতে আন্দোলনরত শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীদের ওপর আবার হামলা চালান। এ সময় ছাত্রলীগের ছোড়া ঢিলে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক শাহনেওয়াজসহ কয়েকজন সাংস্কৃতিক কর্মী আহত হন। এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রশীদ, মাইকম্যান গোলাম মাওলা দুলাল আহত হন। ছাত্রলীগের হামলার আগে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুত্-সংযোগ বন্ধ হয়ে যায়। উপাচার্য ভবনের সামনে অবস্থান নেওয়া পুলিশও সরে যায়। এ সময় উপাচার্য ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষক সমাজ ও সাংস্কৃতিক কর্মীদের ঘেরাও করে ফেলে ছাত্রলীগ। তারা আন্দোলনরতদের দিকে তেড়ে এসে উপাচার্য ভবনের ফটক থেকে সরে যেতে বলে এবং গালিগালাজ করতে থাকে। আন্দোলনকারীরা মশাল জ্বালিয়ে তখন স্লোগান দিতে শুরু করেন। এরপর শুরু হয় ঢিল ছোড়া ও হামলা। আধা ঘণ্টা ধরে এই অবস্থা চলার পর বিদ্যুত্ চলে আসে। পরে ছাত্রলীগ হামলা বন্ধ করে কিছু দূরে গিয়ে অবস্থান নেয়। সাড়ে নয়টা পর্যন্ত আন্দোলনকারীরাও তাঁদের অবস্থানেও আছেন। এসব মিছিল ও সমাবেশ থেকে উপাচার্য শরীফ এনামুল কবিরের প্রতি সমর্থন জানিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের হুমকি দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগের এই তাণ্ডব ও রক্তপাতের ঘটনায় ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে। উপাচার্য শরীফ এনামুল কবির এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে আমি ঢাকায় অবস্থান করছি, ক্যাম্পাসে ফিরে সাংস্কৃতিক কর্মীদের মারধরের ঘটনা তদন্ত করে দেখব।’ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির জন্য আন্দোলনকারী শিক্ষকেরা দায়ী। তাঁরা সিনেট সভা হতে দেননি। ওই সভা হলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতো। বেলা চারটার দিকে আন্দোলনকারী শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন যখন চলছিল, ঠিক সে সময়েই খবর আসে যে, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাংস্কৃতিক কর্মীদের মারধর করা হচ্ছে। তাত্ক্ষণিকভাবে সেখানে গিয়ে দেখা যায় আট-দশ জন ছাত্রলীগ কর্মী সাংস্কৃতিক জোটের সভাপতি মাহমুদ কলিকে রড ও লোহার পাইপ দিয়ে পেটাচ্ছে। এর কিছুটা দূরে প্রায় ১৫ জন ছাত্রলীগকর্মী লাঠি ও রড দিয়ে সাংস্কৃতিক জোটের সদস্য সুদীপ্ত চক্রবর্তীকে পেটাচ্ছিলেন।সাংস্কৃতিক কর্মীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সুকল্যাণ কুমার কুন্ডু পাশেই মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সে সময় পাশে দাঁড়ানো সাংস্কৃতিক জোটের কর্মীরা চিত্কার করে প্রক্টরের সহায়তা চেয়েছিলেন। কিন্তু প্রক্টর শিক্ষার্থীদের রক্ষা না করে দাঁড়িয়ে ছিলেন।গণমাধ্যম কর্মীদের দেখে সে সময় ছাত্রলীগের কর্মীরা মারধর বন্ধ করে মিছিল শুরু করেন। তাঁরা স্লোগান দিতে থাকে, ‘জাহাঙ্গীরনগরের আঙিনায় জামায়াত-শিবিরের ঠাঁই নাই’, ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। এই স্লোগান দিতে দিতে ছাত্রলীগের কর্মীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে এসে জড়ো হন। মারধরের নেতৃত্বে থাকা শেখ শরিফুল ইসলাম, এস এম মাহতাব মেহেদি ও সাইফুল ইসলামের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে মারধর করার অভিযোগ রয়েছে। গত শুক্রবার তাঁদের নেতৃত্বেই আন্দোলনরত শিক্ষকদের ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ’ ভাঙচুর এবং উপাচার্যবিরোধী ব্যানার, পোস্টার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া সম্প্রতি একটি মারধরের ঘটনায় জামিন পেয়েছেন মাহতাব মেহেদি ও সাইফুল ইসলাম। ছাত্রলীগের এই হামলা প্রসঙ্গে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর সুকল্যাণ কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা ভিত্তিহীন।’ সাংস্কৃতিক কর্মীদের আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি কলি মাহমুদ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের শেখ শরীফুল, মাহতাব মেহেদি ও সাইফুল ইসলামসহ ছাত্রলীগের কর্মীরা ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে জোর করে ধরে এনে মারধর করেছেন। কলি জানান, তাঁর শরীরের হাত, পা ও বুকের পাঁজরে রড দিয়ে পেটানো হয়েছে। তিনি ছাত্রলীগ কর্মীদের বিচারের দাবি করেন।