সারা দেশে জামায়াত-শিবির আর কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক বিভিন্ন দল তাণ্ডব চালিয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে পতাকা। হামলা হয়েছে শহীদ মিনারে। গণজাগরণ মঞ্চ, প্রেসক্লাব আর সাংবাদিকদের ওপরও ওরা হামলা চালিয়েছে তারা।গতকাল শুক্রবার দুপুরে অনলাইন সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলসহ ফেসবুক ও ব্লগে এসব খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তরুণেরা। আবারও শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। ফেসবুকজুড়ে কেবল শাহবাগে আসার ডাক। দুপুরের পরপরই খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনেকেই আসতে থাকেন শাহবাগে। কয়েক ঘণ্টা আগে বিশ্রামে যাওয়া শাহবাগ আবার জেগে ওঠে। তরুণদের কণ্ঠে ধ্বনিত হয় স্লোগান। থেমে যায় শাহবাগের গাড়ির চাকা। শুরু হয় আবার সমাবেশ। ঘোষণা আসে রাজধানীসহ সারা দেশে জামায়াত-শিবিরের সহিংসতার পর আবারও জাগবে শাহবাগ।একই সঙ্গে শুক্রবারের ওই সহিংসতার নেপথ্যে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার জন্য আমার দেশ পত্রিকাকে চিহ্নিত করে এর সম্পাদক মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তাঁরা। গতকাল সন্ধ্যায় গণজাগরণ মঞ্চ থেকে এসব ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া শহীদ মিনারে হামলাকারী এবং জাতীয় পতাকা অবমাননাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আন্দোলনকারীরা। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার শাহবাগে গণস্বাক্ষর কর্মসূচি ছিল। দুপুরে ওই কর্মসূচি শুরু হয়। তবে জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ সারা দেশে জামায়াত-শিবিরের নেতৃত্বে সমমনা ও অন্য ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীরা সহিংস তাণ্ডব চালান। এরপর বেলা আড়াইটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তরুণেরা আবার শাহবাগে জড়ো হতে শুরু করেন। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে স্লোগান ও মিছিল চলতে থাকে। কিন্তু বিকেল সাড়ে পাঁচটার দিকে স্লোগান দিতে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা আবারও জড়ো হন শাহবাগে। তাঁরা শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। রাস্তায় লাল রং দিয়ে ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি’ এবং ‘ধর্মভিত্তিক উগ্র রাজনীতি নিষিদ্ধের দাবি’ লেখেন তাঁরা। এরপর সেখানে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। পরে এই আন্দোলনের সংগঠক ছাত্রনেতারা এবং ব্লগার ইমরান এইচ সরকারও গণজাগরণ মঞ্চে আসেন। সন্ধ্যার পর প্রতিবাদী মানুষের সংখ্যা বাড়তে থাকে জাগরণ মঞ্চে। বাড়তে থাকে স্লোগানের শব্দ। গণজাগরণ চত্বরের মূল মঞ্চ থেকে আগের স্লোগানগুলোর সঙ্গে এবার যুক্ত হয় ‘শহীদ মিনারে হামলা কেন? জামায়াত-শিবির জবাব চাই’।সন্ধ্যা ছয়টার দিকে ইমরান এইচ সরকার তাঁর বক্তব্যে বলেন, ‘শুক্রবার সারা দেশে যে তাণ্ডব হয়েছে, তাতে উসকানি দিয়েছে জামায়াত-শিবিরের পত্রিকা আমার দেশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’ এখন থেকে আবার শাহবাগের অবস্থান কর্মসূচি চলবে ঘোষণা দিয়ে ইমরান বলেন, ‘যারা আমাদের শহীদ মিনারে আগুন দেয়, সেই স্বাধীনতাবিরোধীদের সারা দেশে প্রতিহত করতে হবে। সাধারণ মানুষকে অনুরোধ, আপনারা রাজপথে নামুন। প্রতিরোধ গড়ে তুলুন।’ তিনি আমার দেশ, নয়া দিগন্ত ও দিগন্ত টিভিকে প্রতিহত করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।গণস্বাক্ষর কর্মসূচি: বৃহস্পতিবার সন্ধ্যায় জাগরণ মঞ্চ মহাসমাবেশ থেকে আন্দোলনকারীরা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে ২৬ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দেন। ওই কর্মসূচি অনুযায়ী গতকাল দুপুর থেকে মিডিয়া সেলে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এ ছাড়া গতকাল শহীদদের স্মরণে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়ার কর্মসূচি ছিল। ওই কর্মসূচি অনুযায়ী, দেশের অনেক মসজিদে গতকাল শহীদদের স্মরণে দোয়া হয়। এ ছাড়া রাজধানীর বৌদ্ধমন্দিরে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বৌদ্ধমন্দিরের চার ভিক্ষু এ প্রার্থনা পরিচালনা করেন। তাঁরা জানান, গণজাগরণ মঞ্চের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ও ভাষা আন্দোলনে শহীদ এবং সাম্প্রদায়িকতার কারণে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মার শান্তি চেয়ে তাঁরা প্রার্থনা করেছেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেল থেকে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। টানা সেই কর্মসূচি শুক্রবারের মহাসমাবেশের পর শেষ হয় এবং মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং এরপর মিরপুর, মতিঝিল, বাহাদুর শাহ পার্ক ও যাত্রাবাড়ী চৌরাস্তায় সমাবেশ হওয়ার কথা। এই আন্দোলনের সংগঠকদের একজন খান আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, শুক্রবার যারা দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে, যারা শহীদ মিনারে হামলা চালিয়েছে, জাতীয় পতাকার অবমাননা করেছে, তাদের দ্রুত শাস্তি চান তাঁরা। এর পরিপ্রেক্ষিতে আজ বেলা তিনটায় জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া তাঁদের পূর্বঘোষিত কর্মসূচিও চলবে। তবে সারা রাত ধরে কর্মসূচি চলবে না। তিনি কাল রোববার ধর্মভিত্তিক দলগুলোর হরতাল প্রত্যাখ্যানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।