আবারও দত্তক নিচ্ছেন পিট-জোলি দম্পতি!
অভিনয়ের বাইরেও নানা কারণে অহরহই গণমাধ্যমের শিরোনাম হন হলিউডের তারকা দম্পতি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। নিজেদের সন্তান থাকা সত্ত্বেও দত্তক সন্তান নিয়ে আলোচিত। এই দম্পতির ছয় সন্তানের তিনজনই দত্তক নেওয়া। জানা গেছে, আবারও একজন দত্তক সন্তান নেওয়ার কথা ভাবছেন তাঁরা।ফিমেলফার্স্টের এক খবরে জানা গেছে, ছয় বছরের দত্তক মেয়ে জাহারাকে একটি বোন এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পিট ও জোলি। বিষয়টি নিয়ে তাঁরা উত্ফুল্ল।পিট ও জোলি দুজনেই মনে করছেন, সাত সৌভাগ্যের প্রতীক। তাই সাত শিশু তাঁদের জীবনে সুখ ও সৌভাগ্য বয়ে আনবে। শিলোহ (৫) এবং তিন বছরের যমজ নক্স ও ভিভিআন এই দম্পতির নিজেদের সন্তান। এ ছাড়া ম্যাডক্স (১০), প্যাক্স (৭) ও ছয় বছরের জাহারা তাঁদের দত্তক সন্তান।এবারের দত্তক সন্তানটিকেও ইথিওপিয়া থেকে আনবেন বলেই মনস্থ করেছেন এ দম্পতি। উল্লেখ্য, দারিদ্র্য-পীড়িত ইথিওপিয়া থেকেই জাহারাকে দত্তক নিয়েছিলেন তাঁরা।