আবারও দরপতনের ধারায় শেয়ারবাজার
মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে আবারও দরপতনের ধারায় দেশের শেয়ারবাজার। প্রতিদিনই কমছে শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ। গত ডিসেম্বর-জানুয়ারিতে শেয়ারবাজারের ধস ঠেকাতে বাজেটে পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেয় সরকার। মূলত এর পর থেকে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। তবে তা আর বেশি দিন থাকেনি। মাঝখানে (গত বুধবার) এক দিন বাদ দিলে টানা নবম দিনের মতো দরপতনের ধারায় রয়েছে শেয়ারবাজার। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ৬০০ পয়েন্টের মতো। আর টানা দরপতনের ঘটনায় পুঁজি হারানোর আশঙ্কায় পেয়ে বসেছে সাধারণ বিনিয়োগকারীদের। তাই দরপতন ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চেয়ে তাঁরা আগের মতো প্রতিদিনই রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রোববারও বিক্ষোভ করেছে বিনিয়োগকারীদের একটি বড় অংশ। তবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বলছে, বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। বাজার স্থিতিশীল রাখতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেছেন এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। আজ সোমবার মার্চেন্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবে সংস্থাটি। বৈঠকে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকেও গতকাল বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগের দিনগুলোর ধারাবাহিকতায় গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ১৪০ পয়েন্টের মতো কমে ছয় হাজার ১২০ পয়েন্টে নেমে এসেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৯২ পয়েন্ট কমে হয়েছে ১৭ হাজার ৪২৫ পয়েন্ট। মূল্যসূচক কমার সঙ্গে সঙ্গে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের একটি অংশ বলছে, কারসাজির দায়ে অভিযুক্ত কয়েকজন বিনিয়োগকারীর বিরুদ্ধে মামলা করার এসইসির ঘোষণাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বাজারে অস্থিরতা চলছিল। আবার গত শনিবার অর্থমন্ত্রী বিনিয়োগকারীদের ‘পাগল’ বলে আখ্যায়িত করেন, যা বিনিয়োগকারীদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলেন, শেয়ারবাজারে কারসাজির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু ব্যবস্থা নেওয়ার আগেই তা গণমাধ্যমে প্রচার করা এবং পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়ার দীর্ঘসূত্রতা বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা আরও দীর্ঘায়িত করছে। তাই সিদ্ধান্ত যাই হোক না কেন, এসইসির উচিত, সেটি দ্রুত বাস্তবায়ন করে বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্ট অনিশ্চয়তা দূর করা। তা না হলে এ সুযোগে বাজারে কারসাজিকারীরা এসইসি ও সরকারকে চাপে ফেলতে বাজারকে আরও অস্থির করে তুলতে পারে। দেশের শেয়ারবাজারের মূল্যসূচক গত ডিসেম্বরে সর্বোচ্চ আট হাজার ৯০০ পয়েন্টের ঘরে ওঠার পর থেকেই শুরু হয়েছিল ধস। এরপর টানা দরপতনে তিন হাজার ৭০০ পয়েন্টের বেশি সূচক কমে। লেনদেনের পরিমাণ তিন হাজার ২০০ কোটি টাকা থেকে কমতে কমতে নেমে আসে ৩০০ কোটি টাকায়। আর ভয়াবহ এ দরপতনে দিশেহারা হয়ে বিনিয়োগকারীরা প্রতিদিনই রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। ধসের কারণ অনুসন্ধানে সরকার খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। দীর্ঘ দুই মাস অনুসন্ধান চালিয়ে তদন্ত কমিটি সেকেন্ডারি বাজারকে অতিমূল্যায়িত করার পেছনে কয়েকজন বিনিয়োগকারীর সম্পৃক্ততার প্রমাণ পায়। সেই অনুযায়ী অর্থ মন্ত্রণালয় কারসাজির সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে ব্যবস্থা নিতে এসইসিকে নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এসইসি মামলা করার প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু মামলা দায়ের করার আগেই এসইসির একজন সদস্য খবরটি গণমাধ্যমকে জানানোর পরই বাজারে সব ধরনের বিনিয়োগকারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে বাজারে শেয়ার বিক্রির চাপ বেড়ে যাওয়ায় দরপতন শুরু হয়।জানা গেছে, আরও দরপতনের আশঙ্কায় এসইসি মামলা করার পরিকল্পনা কয়েক দিন পিছিয়ে দিয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের শুনানি গ্রহণের কথাও এখন ভাবছে সংস্থাটি।বিক্ষোভ: প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা পৌনে ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ২০০ পয়েন্টের মতো কমে যায়। এর পরপরই বিনিয়োগকারীদের একাংশ ডিএসইর সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তাঁরা বিনিয়োগকারীদের ‘পাগল’ বলায় অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পরে বেলা দেড়টায় লেনদেন শেষ হলে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বেরিয়ে অনেক বিনিয়োগকারী বিক্ষোভে অংশ নেন। এ সময় বিনিয়োগকারীরা ডিএসইর সামনে থেকে মিছিল বের করেন, যা মতিঝিলের শাপলা চত্বর প্রদক্ষিণ করে আবারও ডিএসইর সামনে এসে শেষ হয়। বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ২৪টির, কমেছে ২২০টির ও অপরিবর্তিত ছিল পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটির লেনদেন নেমে এসেছে ৫৬০ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি টাকা কম। সিএসইতে হাতবদল হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ১৬৪টির ও অপরিবর্তিত ছিল তিনটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৭৮ কোটি টাকা লেনদেন হয়েছে। অথচ দুই সপ্তাহ আগেও ডিএসইতে প্রতিদিন গড়ে দেড় হাজার কোটি ও সিএসইতে ২০০ কোটি টাকা লেনদেন হতো। তৌহিদুর রহমান নামের একজন বিনিয়োগকারী ক্ষোভের সঙ্গে বলেন, বাজারে এ অবস্থা চলতে থাকলে অনেক বিনিয়োগকারীকে পথে বসতে হবে। এসইসির চেয়ারম্যানের বক্তব্য: অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এম খায়রুল হোসেন সাংবাদিকদের বলেন, শেয়ারবাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এতে সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তাঁদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হবে। খায়রুল হোসেন বলেন, ‘গত ছয় মাসের মধ্যে সবার সমন্বিত প্রচেষ্টায় বাজার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা নজিরবিহীন। আমরা চাই, বাজারের স্থিতিশীলতা এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমরা আরও চাই, বিনিয়োগকারীরা যাতে প্রতারিত না হন।’এসইসির চেয়ারম্যান অহেতুক ভয় না পেয়ে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে বিনিয়োগের পরামর্শ দেন। ১১ আগস্ট বুকবিল্ডিং পদ্ধতিটি চূড়ান্ত হবে বলেও জানান এসইসির চেয়ারম্যান। সিএসইর সংবাদ ব্রিফিং: বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সিএসইর সভাপতি ফখরউদ্দিন আলী আহমদ বলেন, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রির প্রবণতা দেখা দিয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এটা বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, ‘বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এসইসি এখন খুবই শক্তিশালী। তারা আমাদের আশ্বস্ত করেছে, অপরাধ প্রমাণ না হলে কারও বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে না।’বিনিয়োগকারীদের উদ্দেশে সিএসইর সভাপতি বলেন, ‘আপনাদের বিনিয়োগ কোষ বা পোর্টফোলিওকে তিনটি ভাগে ভাগ করে বিনিয়োগ করুন। যা হবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি। এতে বিনিয়োগে ভারসাম্য আসবে। একই সঙ্গে কোম্পানির মৌলভিত্তি বিশ্লেষণ করে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।