আবারও নাটকে মোশাররফ-জুঁই দম্পতি
আবারও টিভি নাটকে অভিনয় করলেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁই করিম। মোশাররফ-জুঁই দম্পতির এবারের নাটকটির নাম ‘গেইট’। নাটকটি লিখেছেন শাহজাদা মামুন, পরিচালনা করেছেন রাজিব রসুল। বাস্তবের মতো নাটকেও মোশাররফ ও জুঁই করিমকে স্বামী স্ত্রী হিসেবে দেখানো হয়েছে।এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আমাদের দুজনের প্রথম নাটকটির নাম ছিল “সিমিলার টু”। এটি এখনো প্রচারিত হয়নি।’ এবারের নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘গেইট নাটকটি এক দম্পতির পুরো একটি রাতের নানা বিড়ম্বনার গল্প। দাওয়াত থেকে বাড়ি ফেরার পথে দেরির কারণে রাতের বেলা একজন ভাড়াটিয়াকে যে দুর্ভোগের মধ্যে পড়তে হয় এ নাটকে সেটাই দেখানো হয়েছে। খুব সাধারণ একটি গল্প হলেও নাটকটি সবার বেশ ভালো লাগবে।’মোশাররফ করিমের স্ত্রী জুঁই করিম বলেন, ‘অনেক দিন পর ভালো মানের একটি গল্পে কাজ করলাম। পুরো নাটকটাই হচ্ছে রাতের গল্প নিয়ে। এ জন্য ঢাকার বিভিন্ন এলাকায় রাতের বেলায় শুটিং করতে হয়েছে। এ ছাড়া মোশাররফের সাথে কাজ করতে পারলে অনেক ভালো লাগে। কারণ, ওর কাছ থেকে অভিনয়ের অনেক কিছু শেখাও যায়।’গেইট নাটকটি কাল রোববার রাতে এনটিভিতে দেখানো হবে। গেইট এবং সিমিলার টু ছাড়া মোশাররফ ও জুঁই করিম আরও দুটি নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন। এগুলো হচ্ছে, ইশতিয়াক আহমেদ রোমেলের ‘মুখ ও মুখোশ’ এবং মোর্শেদ হাসানের ‘অপহরণের পর’। এর মধ্যে অপহরণের পর নাটকটি গত জানুয়ারিতে দেশ টিভিতে দেখানো হয়েছে।উল্লেখ্য, মোশাররফ করিম ও জুঁই মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন চলচ্চিত্রেও অভিনয় করেছেন। যেখানে জুঁই অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে।