আবারও নাট্য প্রযোজক রিচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী রিচি সোলায়মান তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান নীলাঞ্জনা থেকে আবারও নাটক প্রযোজনা করছেন। আজ শুক্রবার থেকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। রিচি প্রযোজিত এবারের নাটকের নাম অপেক্ষার বৃষ্টি। নাটকটি লিখেছেন জাকারিয়া সৌখিন। আর পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।রিচি বলেন, ‘দেশের বাইরে অবস্থান এবং সাংসারিক ব্যস্ততার কারণে প্রায় তিন বছর যাবত্ নাটক প্রযোজনা থেকে দূরে ছিলাম। অপেক্ষার বৃষ্টি নাটকটি দিয়ে আবার নিজের প্রযোজনায় কাজ শুরু করলাম। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সর্বশেষ নাটক ছিল “কম্প করিম”। ২০০৯ সালে নাটকটি বিটিভিতে প্রচার হয়েছিল।’জানা গেছে, রিচি-অপূর্ব এর আগে শেষ নাটকে অভিনয় করেছিলেন ২০১০ সালে। নাটকটি ছিল চয়নিকা চৌধুরীর ‘কৃষ্ণচূড়ার দিন’। অপেক্ষার বৃষ্টি নাটকের মধ্য দিয়ে প্রায় দুই বছর পর আবারও জুটি হয়ে অভিনয় করছেন রিচি সোলায়মান ও অপূর্ব। নাটকের গল্পে দেখা যাবে, একটি অদু্ভত ঘটনার মধ্য দিয়ে পরিচয় হয় হূদয় (অপূর্ব) আর ঝুমুরের (রিচি)। হূদয় ঢাকা শহর চষে বেড়ানো ছেলে হলেও, ঝুমুর শহরে নতুন। একটি স্বপ্ন নিয়ে সে এ শহরে এসেছে। ঝুমুর বিশ্বাস করে, স্বপ্ন ছাড়া মানুষ সফল হতে পারে না। কিন্তু হূদয় ঠিক ঝুমুরের উল্টো। তার জীবনে কোনো স্বপ্ন নেই। পথ চলতে চলতে হূদয়-ঝুমুরের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। একদিন দুজনেই একে অন্যের প্রতি টান অনুভব করে। কিন্তু মুখে বলা হয় না। মেঘ জমে জমে মনের আকাশ ভারী হয়ে ওঠে—থমথমে। কিন্তু বৃষ্টি ঝরে না। বৃষ্টি কি ঝরবে? অপেক্ষা শুধু বৃষ্টির। নাটক প্রসঙ্গে রিচি বলেন, ‘দেশে ফিরে এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় তরা হয়েছে। এ নাটকটির গল্পটাও বেশ ভালো লাগাতে কাজটি করতে রাজি হয়েছি।’রিচি বলেন, ‘অপেক্ষার বৃষ্টি নাটকটি পুরোপুরি ভালোবাসার গল্প। মজার ব্যাপার হচ্ছে চয়নিকা চৌধুরীর পরিচালনায় আমি ও অপূর্ব সর্বশেষ অভিনয় করেছিলাম। আবার যখন ফিরলাম তাও আবার একই পরিচালকের নাটকে।’‘অপেক্ষার বৃষ্টি’ নাটকে আরও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম ও শর্মিলী আহমেদ।