নতুন বাজেটে নতুন একটি কর্মসূচির ঘোষণা দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর সেটি হলো সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপি। বলা যায়, তৃতীয়বারের মতো নতুন একটি কর্মসূচি হিসেবে আবারও অন্তর্ভুক্ত হচ্ছে বহুল আলোচিত পিপিপি।প্রথম পিপিপির ঘোষণা ছিল বর্তমান সরকারের প্রথম বাজেটে। বিশাল আশাবাদ নিয়ে পিপিপির কথা জানানো হলেও ২০০৯-১০ অর্থবছরে একটি টাকাও খরচ করা যায়নি। এরপর আবার একই ঘোষণা দিয়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয় ২০১০-১১ অর্থবছরের বাজেটে। অর্থমন্ত্রী এ নিয়ে বাজেট-বক্তৃতায় বলেছিলেন, ‘পিপিপির নতুন কৌশল ও নীতির আলোকে আগামী অর্থবছর থেকে দেশে পিপিপির উদ্যোগে বেসরকারি খাতের ব্যাপক অংশগ্রহণে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অনুকূল গতি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ এই বক্তব্যের পর এক পা-ও এগোয়নি পিপিপি। ফলে বাজেটে আবার নতুন করে আসছে পিপিপি। পিপিপি প্রসঙ্গে অর্থমন্ত্রীকে নতুন করে বাজেট-বক্তৃতায় কিছু লিখতেও হচ্ছে না। ৯ জুন অর্থমন্ত্রী নতুন অর্থবছরের যে বাজেট পেশ করবেন, সেখানে আগের বছরের বাজেট- বক্তৃতার পিপিপি প্রসঙ্গটি হুবহু তুলে দিলেও কাজ চলবে। এমনকি আবারও তিন হাজার কোটি টাকা বরাদ্দের কথাটিও একই রকম থাকছে বলে জানা গেছে।পিপিপিতে আবারও কালো টাকা: পিপিপির ধারণাটি এসেছিল মূলত অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতকে অংশগ্রহণের সুযোগ দিতে। এ জন্য অবকাঠামো উন্নয়নে কালো টাকা (অপ্রদর্শিত আয়) বিনিয়োগের সুযোগও দেওয়া হয়েছিল চলতি বাজেটে। একই প্রস্তাব নতুন ২০১১-১২ অর্থবছরে আবারও থাকছে বলে জানা গেছে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালো টাকার মালিকেরা টাকা সাদা করতে পারবেন। তবে শর্ত হলো, কালো টাকা বিনিয়োগ করতে হবে অবকাঠামো খাতে। ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত এ বিনিয়োগের সুযোগ রাখার বিষয়ে আগামী বাজেটে ঘোষণা থাকতে পারে বলে জানা গেছে।বাজেট-বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন, ‘বিআইএফএফের ইস্যুকৃত বন্ডে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত ১০ শতাংশ হারে কর প্রদান সাপেক্ষে বিনিয়োগের বিধান প্রবর্তন করা হবে।’ অর্থবিল অনুযায়ী, এটি ছিল আসলে কালো টাকা সাদা করারই সুযোগ। কেননা, আয়কর অধ্যাদেশে ১৯সি নামে একটি ধারা সংযোজন করে বলা হয়েছে, বিআইএফএফে বিনিয়োগ করলে অর্থের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না। যদিও এই বন্ড ছাড়তেই পারেনি সরকার।চলতি অর্থবছরের বাজেটে বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিলে (বিআইএফএফ) বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার এই সফল না হওয়ার পেছনে সরকারের নিজেরই প্রস্তুতির অভাব ছিল বলে অর্থ বিভাগের শীর্ষ একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন। এখনো প্রত্যাশা: অবকাঠামো খাতের উন্নয়নে সম্প্রতি গঠন করা হয়েছে বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিল লিমিটেড (বিআইএফএফএল) নামের একটি আর্থিক প্রতিষ্ঠান। সরকারের আশা, এ কোম্পানিতে বিভিন্ন দেশের অনুদান পাওয়া যাবে। দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান এ কোম্পানির সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করবে। অর্থায়নে অংশগ্রহণ থাকবে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদেরও। কোম্পানির অর্থ ব্যয় হবে শুধুই অবকাঠামো নির্মাণে এবং অবশ্যই তা সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে। শতভাগ সরকারি মালিকানাধীন বিআইএফএফএলের পরিশোধিত মূলধন এক হাজার ৬০০ কোটি টাকা, আর অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা। সূত্র জানায়, পিপিপির মাধ্যমে এ কোম্পানি থেকে আপাতত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দিকেই সরকারের মনোযোগ বেশি। তবে ভবিষ্যতে পর্যটন, শিল্পপার্ক, বন্দর উন্নয়ন, টেলিযোগাযোগ, উড়ালসেতু, বিমানবন্দর, এক্সপ্রেসওয়ে ইত্যাদি খাতেও বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে।বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘পিপিপির কার্যক্রমকে শক্তিশালী ও তাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে বিআইএফএফ গঠন করেছি। এটি একটি বিশাল বিনিয়োগ তহবিলে পরিণত হবে, যা পিপিপি কাঠামোর আওতায় বাস্তবায়নযোগ্য ভৌত ও সামাজিক অবকাঠামো প্রকল্পের বিপুল অর্থায়নের চাহিদা মেটাবে।’বিআইএফএফএলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশের অবকাঠামো খাতে বিনিয়োগের বিপুল সুযোগ রয়েছে। কিন্তু দুঃখজনক যে বেসরকারি খাত এখনো এতে ততটা আকৃষ্ট নয়। সরকার চায়, বেসরকারি খাতকে অবকাঠামোতে বিনিয়োগে নিয়ে আসতে। অবশ্য বেসরকারি খাত যাতে অবকাঠামোতে বিনিয়োগে আসতে পারে, ওই পরিবেশটাও আগে তৈরি করা দরকার। বিআইএফএফএল গঠন সেই পরিবেশ বা সুযোগ তৈরিরই প্রয়াস।পিপিপিতে এবার ১৬ প্রকল্প: নতুন অর্থবছরের জন্য কিছু ব্যতিক্রম উদ্যোগও নেওয়া হচ্ছে পিপিপি নিয়ে। আর সেটি হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পিপিপির আওতায় প্রকল্প অন্তর্ভুক্ত রাখা। নতুন এডিপিতে ১৬টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে রাজধানীর আশপাশে ইছামতী-সিরাজদিখান, ধলেশ্বরী-সিঙ্গাইর এবং বংশী-ধামরাই—এই তিনটি স্যাটেলাইট শহর নির্মাণ, চট্টগ্রামে এক হাজার ৩০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, জামালপুরের সরিষাবাড়ীতে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, খুলনায় ২১০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ময়মনসিংহে ৩৬০ মেগাওয়াট কম্বাইন্ড বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিতরণ ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প ও ডিপিডিসির সাবস্টেশন নির্মাণ ইত্যাদি।