আবারও পুলিশের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির আবারও বিক্ষোভ মিছিল থেকে গতকাল রোববার রাজধানীর মহাখালী ও চট্টগ্রামের বাদুরতলায় পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়িসহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয় এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।চট্টগ্রামে পুলিশের একটি অস্ত্র কেড়ে নিয়ে ভেঙে দিয়েছেন ছাত্রশিবিরের কর্মীরা। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে। পরে বিকেলে চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের কলেজ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীমসহ ৬০ জনকে গ্রেপ্তার করা হয়। জামায়াতের পূর্বঘোষিত সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল গতকাল। জামায়াতের ডাকা ১৩ ও ১৪ আগস্টের ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে যাত্রাবাড়ীতে শিবিরের নেতা খলিলুর রহমান ও মেহেরপুরে জামায়াতের কর্মী মো. সোলায়মান মারা যান। পুলিশের গুলিতে এই দুজন নিহত হয়েছেন দাবি করে জামায়াত ‘হত্যাকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদ’সহ আরও কিছু দাবি যুক্ত করে এ কর্মসূচি দিয়েছিল।পুলিশকে লক্ষ্য করে ককটেল: প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে মহাখালী উড়ালসেতুর নিচে রেলক্রসিংয়ের পাশ থেকে জামায়াতের ব্যানারে ৩০-৩৫ জন মিছিল বের করেন। উড়ালসেতুর পাশে একটি সিএনজি স্টেশনের সামনে কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন। মিছিলকারীরা ওয়্যারলেসে কথা বলা একজন সহকারী পুলিশ পরিদর্শককে (এএসআই) মিছিলের খবর না জানাতে বলেন। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে তাঁরা ককটেল ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে বিস্ফোরিত হয়। আরেকটি ককটেল এক পুলিশ সদস্যের গায়ে লাগলেও তা বিস্ফোরিত হয়নি। মিছিলকারীরা আরও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং একটি মাইক্রোবাস ভাঙচুর করেন।একজন প্রত্যক্ষদর্শী জানান, কয়েকজন মিছিলকারী পুলিশের দুই সদস্যের ওপর চড়াও হয়ে তাঁদের কিল-ঘুষি মারেন। ওই দুজন দৌড়ে সিএনজি স্টেশনে আশ্রয় নেন।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, জামায়াতের হামলায় কনস্টেবল মনোতোষ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।চট্টগ্রামে তিন পুলিশ আহত: চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সকালে ছাত্রশিবিরের ৬০-৬৫ জন নেতা-কর্মী বহদ্দারহাট থেকে ঝটিকা মিছিল নিয়ে চকবাজারের দিকে যান। পুলিশ পিছু নিলে শিবিরের কর্মীরা পুলিশের দুই সদস্যকে ধাওয়া করে বেদম পিটুনি দেন। এ সময় পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা পুলিশের এক সদস্যের কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। তাঁরা পুলিশ ভ্যান থেকে পুলিশের সদস্যদের নামিয়ে ভ্যানটি ভাঙচুর করেন। এ সময় এক পুলিশ সদস্যকে ধাওয়া করে নর্দমায় ফেলে বেদম পেটানো হয়। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই মিঠু দাশ, কনস্টেবল আবুল কাশেম ও পুলিশের ভ্যানচালক। এ সময় আরও পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়।রাইফেল ভাঙার ছবি ধারণের সময় শিবিরের কর্মীরা সময় টেলিভিশনের ক্যামেরাম্যান মামুনের ওপর হামলা চালান। এ সময় তাঁর ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের কর্মী সন্দেহে ইমাম হোসেন, আল কামির, আরমান, সাহাব উদ্দিন ও শাহজাহানকে আটক করে।পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ৩০টি রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় ৬০-৭০ জন জড়িত। তাদের ধরতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।’নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, দুপুরে জামায়াত-শিবিরের কর্মীরা শহরে লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল বের করেন। তাঁরা রাস্তায় পেট্রোল ঢেলে ও টায়ারে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পুলিশ ডিআইডি রোড থেকে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে।সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সাতক্ষীরার কলারোয়ায় জামায়াত-শিবিরের ঘেরাওয়ের মুখে পুলিশ ফাঁড়ি থেকে জামায়াতের এক নেতাকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কলারোয়া উপজেলার সরসকাটি বাজার থেকে সকাল সাড়ে নয়টার দিকে জয়নগর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ও রুকন আলতাফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে জামায়াত-শিবিরের ৪০০ থেকে ৫০০ নেতা-কর্মী লাঠিসোঁটাসহ কলারোয়া-কেশবপুর-সরসকাটি ও সরসকাটি-কলারোয়া সড়কে গাছ ফেলে অবরোধ করেন। তাঁরা ২৫-৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে তাঁরা সরসকাটি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে স্লোগান দেন। পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী একপর্যায়ে আলতাফ হোসেনকে ছেড়ে দেন। এরপর জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগের কর্মী ও অবসরপ্রাপ্ত শিক্ষক লিয়াকত আলীকে বেধড়ক মারধর করেন। তাঁকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অবশ্য এসআই লিয়াকত প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার করে আনার পর আলতাফ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।’কলারোয়া থানার ওসি শাহ দারা খান বলেন, হরতালে ভাঙচুর ও গাছ কাটার অভিযোগে করা মামলায় আলতাফকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে জয়নগর ইউপির সদস্য শেখ ফিরোজ আহম্মেদের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।অবশ্য ইউপি সদস্য শেখ ফিরোজ আহম্মেদ বলেন, তিনি জামায়াতের কোনো নেতাকে তাঁর জিম্মায় পুলিশ ফাঁড়ি থেকে নিয়ে যাননি।কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ওসমান গণি বলেন, আলতাফ হোসেনকে অহেতুক গ্রেপ্তার করায় কয়েক হাজার মানুষ ফাঁড়ির সামনে গিয়ে প্রতিবাদ জানালে তাঁকে ছেড়ে দেওয়া হয়।মাদারীপুর প্রতিনিধি জানান, সকালে শহরের পুরানবাজার এলাকায় শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। আটক করা হয় শিবিরের তিন কর্মীকে।কুষ্টিয়া অফিস জানায়, সকালে শহরের পৌরবাজারের সামনে থেকে মিছিল বের করে শিবিরের কর্মীরা সিঙ্গার মোড়ে রাস্তায় লাঠিতে আগুন দেন এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ গিয়ে শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা মোড় থেকে দুপুরে দুটি ককটেলসহ শিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।চাঁদপুর প্রতিনিধি জানান, ফরিদগঞ্জ থেকে মো. মফিজুল ইসলাম ও মো. তাজুল ইসলাম নামের শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।