আবারও বন্ধ হলো ঢাকা কলেজে প্রথম বর্ষে (সম্মান) ভর্তির কার্যক্রম
ঢাকা কলেজে প্রথম বর্ষে (সম্মান) ভর্তির কার্যক্রম আজ মঙ্গলবার তৃতীয়বারের মতো বন্ধ হয়ে গেছে। একদল ছাত্রের বাধার কারণে কলেজ কর্তৃপক্ষ ভর্তির কার্যক্রম স্থগিত করেছে। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-নামধারীদের বাধার কারণে বাধ্য হয়ে ভর্তির কার্যক্রম আজ বন্ধ করে দেওয়া হয়। তবে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষ কোটার দাবি না মানায় ছাত্রলীগের কয়েকজন নেতার কারণে ভর্তিপ্রক্রিয়া বন্ধ হয়েছে। গত রোববার প্রথমবারের মতো কর্তৃপক্ষ এ কার্যক্রম স্থগিত করে। ঢাকা কলেজের অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমেদ জানান, অযৌক্তিক চাপের মুখে আজ ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর প্রথম বর্ষে (সম্মান) ভর্তির জন্য যারা পরীক্ষা দেয়, তাদের সবার ফলাফল প্রকাশ করা হয়। এতে মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা থাকে। সেই তালিকা ধরে শিক্ষার্থীরা ভর্তি হয়। আগে মেধাতালিকায় না থাকা শিক্ষার্থীদেরও টাকার বিনিময়ে ছাত্রসংগঠনের নেতাদের সহায়তায় ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। এটি বন্ধ করতে এবার যত খালি আসন রয়েছে, তার সঙ্গে অতিরিক্ত কিছু আসন যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। যেমন—কোনো কলেজে ১০০ আসন থাকলে সর্বোচ্চ ১২০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়। ফলে তালিকার বাইরে থাকা কেউ ভর্তি হতে আসছে না। এতে ছাত্রনেতাদের ভর্তি-বাণিজ্য বন্ধ রয়েছে।ঢাকা কলেজের একটি সূত্র জানায়, কলেজের ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারা এবার ভর্তিপ্রক্রিয়া শুরুর পর ৫০০ আসনের কোটা দাবি করেন। কলেজ কর্তৃপক্ষ তা মানেনি। এতে গত শনিবার ছাত্রলীগের কিছু নেতা ভর্তি হতে আসা শিক্ষার্থীদের অস্ত্রের মুখে বাধা দেন। পরে তাঁরা কলেজে ভাঙচুর করেন। তাঁদের দাবি না মানলে ভর্তির কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকিও দেন এবং একপর্যায়ে তা বন্ধ হয়ে যায়।