আবারও বিয়ের পিঁড়িতে সুনিধি চৌহান
‘স্ট্যানলি কা ডাব্বা’, ‘মাই ফ্রেন্ড পিন্টো’ এবং ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবির সংগীত পরিচালনা করে সবে তারকাখ্যাতি পেয়েছেন হিতেশ সনিক। সম্প্রতি এই হিতেশের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত পাকাপাকি করে ফেলেছেন বলিউডের প্রতিষ্ঠিত প্লেব্যাক গায়িকা সুনিধি চৌহান। অবশ্য এটা সুনিধির দ্বিতীয় বিয়ে।বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছেন সুনিধি। ‘রঙ্গিলা’ ও ‘গজিনী’খ্যাত বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার আহমেদ খানের ভাই ববি খানকে এর আগে বিয়ে করেছিলেন সুনিধি। কিন্তু সেই বিয়ে টেকেনি। ববির সঙ্গে সুনিধির বিয়ের বিষয়টি খুব কম মানুষই জানতেন। কখনোই মিডিয়ার সামনে এ প্রসঙ্গে মুখ খোলেননি সুনিধি।এবার অবশ্য হিতেশের সঙ্গে বিয়ের ব্যাপারে রাখ-ঢাক না রেখে মুখ খুলেছেন সুনিধি। বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি নিজেই জানিয়েছেন, ‘হ্যাঁ, এটা ঠিক যে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। অবশ্য এখন পর্যন্ত বিয়ের দিন-ক্ষণ চূড়ান্ত করা হয়নি। মিউজিক অ্যারেঞ্জার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিল হিতেশ। এখন ও পুরোদস্তুর একজন সংগীতপরিচালক।’সুনিধি বিয়ের দিন-ক্ষণ সম্পর্কে মুখে কুলুপ এঁটে থাকলেও, সামনের মাসে তিনি বিয়ে করবেন বলেই জানিয়েছে ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটির উদ্ধৃতি দিয়ে মুম্বাই মিরর জানিয়েছে, ‘সামনের মাসে মুম্বাইয়ে হিতেশকে বিয়ে করতে যাচ্ছেন সুনিধি। বেশ কয়েক বছর আগে পেশাগত কাজ করতে গিয়ে তাঁদের পরিচয়ের সূত্রপাত। এরপর থেকেই তাঁদের মধ্যে সখ্য গড়ে ওঠে। পরবর্তী সময়ে সম্পর্কটি বিশেষ বন্ধুত্বে পরিণতি পায়। এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা চুটিয়ে অভিসার চালিয়ে যাচ্ছেন। অবশেষে কিছুদিনের মধ্যেই বিয়ে করার জন্য তাঁরা গত মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।’