আবারও বিয়ের স্বপ্ন বুনছেন কিম
মাত্র এক মাস আগে জনসমক্ষে নিজেদের প্রেমের সম্পর্কের জানান দিয়েছিলেন মার্কিন টিভি-ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান এবং সংগীতশিল্পী ও চিত্র নির্মাতা কেনি ওয়েস্ট। জানা গেছে, এরই মধ্যে বিয়ের পরিকল্পনা আঁঁটছেন নতুন এই জুটি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে ইউএস ম্যাগাজিন জানিয়েছে, ‘সম্পর্কের এ চূড়ান্ত পরিণতির জন্য রীতিমতো মুখিয়ে আছেন কিম-কেনি। আংটি বদলের জন্যও প্রস্তুত তাঁরা। এই গ্রীষ্মে র্যাপ সংগীতশিল্পী জে-জির সঙ্গে ট্যুরে যাচ্ছেন কেনি ওয়েস্ট। কেনির এ সফরে সঙ্গী হবেন ৩১ বছর বয়সী কিমও। যতটা সম্ভব কেনির সঙ্গেই সময় কাটাতে চান তিনি।’অথচ ২০১০ সালের শেষের দিকে বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রাইসের সঙ্গে চুটিয়ে অভিসার করেছিলেন কিম কার্দাশিয়ান। ২০১১ সালের মে মাসে বাগদানের পর একই বছরের ২০ আগস্ট বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। তাঁদের বিয়ের অনুষ্ঠানের ভিডিও বিক্রি করে অন্তত ১৮ মিলিয়ন ডলার পকেটে পুরেছেন কিম। কিন্তু বিয়ের মাত্র ৭২ দিন পরেই আদালতে বিচ্ছেদের আবেদন করে বসেন কিম।রহস্যজনক এ বিয়ে ও ত্বরিত এ বিচ্ছেদ নিয়ে অনেক খবরই চাউর হয়েছিল। কিমের সাবেক এক মুখপাত্র এমনও দাবি করেছেন যে পুরো বিয়েটাই নাকি ছিল সাজানো নাটক। খ্যাতি এবং অর্থের মোহেই নাকি কিম এমনটি করেছেন। অবশ্য বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করে ওই মুখপাত্রের বিরুদ্ধে পাল্টা মামলা ঠুকে দিয়েছেন আবেদনময়ী এ তারকা।ক্রিসের সঙ্গে বিচ্ছেদের চূড়ান্ত অনুমতি না মিললেও, এরই মধ্যে নতুন জীবনসঙ্গী হিসেবে ৩৪ বছর বয়সী কেনি ওয়েস্টকে বেছে নিয়েছেন কিম। শুধু তা-ই নয়, তড়িঘড়ি করে কেনিকে বিয়ে করারও পরিকল্পনা আঁটছেন।