আবারও ব্যস্ত হচ্ছেন পপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীরবতা ভেঙে আবারও চলচ্চিত্রে ব্যস্ত হচ্ছেন পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী সাদিকা পারভীন পপি। সম্প্রতি পাঁচটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এগুলো হচ্ছে, ‘মন খুঁজে বন্ধন’, ‘চাইলাম যারে পাইলাম তারে’ ও ‘দেহ’। অন্য ছবি দুটির মধ্যে একটি সরকারি অনুদানের এবং অন্যটি একটি স্যাটেলাইট চ্যানেলের। মাসখানেকের মধ্যেই মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবিগুলোর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে পপি বলেন, ‘আমি সাধারণত ভালোমানের গল্প না হলে ছবিতে অভিনয় করি না। ছবির সংখ্যা বাড়াতে হবে এই চিন্তা-ভাবনা কখনোই ছিল না। তাই বেছে বেছে ভালোমানের ছবিগুলোতেই কাজ করার চেষ্টাটাই করেছি সব সময়।’ তিনি বলেন, ‘এবার যে কয়টা চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছি সবগুলোর গল্পই একেবারেই অন্য রকম মনে হয়েছে। এরই মধ্যে মন খুঁজে বন্ধন ছবির গান শুনে তো আমি রীতিমতো মুগ্ধই বলতে পারেন।’পপি আরও বলেন, ‘সব সময় চেষ্টা করেছি গল্পপ্রধান, মানসম্মত ও রুচিশীল চলচ্চিত্রে অভিনয়ের। কিন্তু সংখ্যায় তা ছিল খুবই কম। পাশাপাশি রুচিসম্মত প্রযোজকদেরও অভাব রয়েছে। আর তাই আমাকেও কম সংখ্যক চলচ্চিত্রে কাজ করে সন্তুষ্ট থাকতে হয়েছে।’ পপি বলেন, ‘আমার অভিনীত চরিত্রের মধ্য দিয়ে সমাজের নানা অসংগতি তুলে ধরার চেষ্টা করি। কোনো না কোনোভাবে সমাজের মানুষের মধ্যে কীভাবে সচেতনতা তৈরি করা যায় সেটাই চিন্তা করে থাকি। আমি মনে করি একজন চলচ্চিত্রকর্মী হিসেবে এ কাজটুকু করতে না পারলে আমার সার্থকতা কিসে?’নতুন ছবিগুলো ছাড়া খুব শিগগিরই ছোটপর্দার জন্য একটি টেলিছবির কাজও শুরু করবেন পপি। সালমান হায়দারের পরিচালনায় টেলিছবিটির নাম হচ্ছে ‘ওহ মাই লাভ’।পপি অভিনীত সর্বশেষ ছবি ‘গার্মেন্টস কন্যা’ গত বছরের ব্যবসাসফল ছবিগুলোর মধ্যে অন্যতম। ছবিটি পরিচালনা করেছিলেন জি সরকার।