আবারও বড় দরপতন
দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার আবারও বড় ধরনের দরপতন হয়েছে। এ নিয়ে সপ্তাহের চার কার্যদিবসের মধ্যে দুই দিন বড় ধরনের দরপতন ঘটল। যদিও চলতি সপ্তাহ থেকে শেয়ারবাজারে নতুন করে বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন ব্যাংক মালিক ও ব্যবস্থাপনা পরিচালকেরা। সেই ঘোষণাও বাজারের দরপতন ঠেকাতে পারেনি। দরপতনের প্রতিবাদে গতকাল আবারও রাজপথে বিক্ষোভ করেছেন একদল বিনিয়োগকারী। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯২ শতাংশেরই দাম কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে প্রায় ৯৪ শতাংশ কোম্পানির শেয়ারের দাম। পাশাপাশি দুই বাজারে লেনদেনের পরিমাণও কিছুটা কমে গেছে। শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সম্প্রতি ব্যাংকগুলো বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেয়। এই উদ্যোগের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাজারসংশ্লিষ্টরা জানান, গতকালের দরপতনের পেছনে বিশ্বব্যাংক ও আইএমএফের এই উদ্বেগের খবর বড় ধরনের ভূমিকা রেখেছে। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকগুলো বাজারে নতুন করে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। তার পরও দরপতন থামছে না। এতে বিনিয়োগকারীদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে। বাজারে তাঁরা ঘোষণার বাস্তবায়ন দেখতে পাচ্ছেন না। এই অবিশ্বাস দূর করতে হলে ঘোষণার পরিবর্তে কার্যক্ষেত্রে তার বাস্তবায়ন ঘটাতে হবে।’ সালাউদ্দিন আরও বলেন, ‘গতকালের দরপতনের পেছনে বিশ্বব্যাংক ও আইএমএফের উদ্বেগের খবরটিও ভূমিকা রেখেছে। ব্যাংকগুলোর উদ্যোগে পাঁচ হাজার কোটি টাকার যে তহবিল গঠনের প্রক্রিয়া চলছে, তাতে উদ্বেগের কিছু আছে বলে মনে করি না। এটি এক ধরনের বিনিয়োগ। এ ধরনের বিনিয়োগে ঝুঁকি অনেক কম।’সালাহউদ্দিনের মতে, শেয়ারবাজার যদি আরও খারাপ হয়, তাহলে ব্যাংকগুলোই বরং বেশি ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে তাদের যে পরিমাণ বিনিয়োগ আছে, তার মূল্যমান আরও কমে যাবে। এ ছাড়া ব্যাংকগুলো এ খাতে যে ঋণ দিয়েছে, সেটিও ঝুঁকির মধ্যে পড়বে। তাই ব্যাংকগুলোর ঝুঁকি কমাতে হলে বাজার অবশ্যই স্থিতিশীল করতে হবে।ঢাকার বাজারে গতকাল দরপতন দিয়েই লেনদেন শুরু হয়। মাত্র পাঁচ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ৬০ পয়েন্ট কমে যায়। এর পর থেকে টানা দরপতন চলতে থাকে। মাঝে দু-একবার বাজার ওঠে দাঁড়াতে চাইলেও শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ১৪৩ পয়েন্ট বা প্রায় আড়াই শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ৪১২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানির মধ্যে ২৩৭টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৩টির আর অপরিবর্তিত ছিল সাতটি কোম্পানির শেয়ারের দাম। এ দিন ডিএসইতে ৩৪৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কম। সিএসইর সার্বিক মূল্যসূচক বুধবার প্রায় ৩৯৬ পয়েন্ট কমে নেমে এসেছে ১৫ হাজার ৩৯৯ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে ১৬৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৫৯টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র সাতটির। দিন শেষে সিএসইতে প্রায় ৩০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম।