এবারের বিশ্বকাপ আয়োজকদের জন্য ৫০ শতাংশ চূড়ান্ত আনন্দ ভাড়ারে জমা পড়ে গেছে। ভারত-পাকিস্তানের একদল তো ফাইনালে যাচ্ছেই। অন্যদিক থেকে শ্রীলঙ্কা উঠে এলে ২ এপ্রিল চূড়ান্ত খেলার প্রাপ্তি-অপ্রাপ্তির সবটাই আয়োজকদের। প্রতিযোগিতার অবশিষ্টাংশের দিকে তাই একটু অন্য রকম আগ্রহ নিয়েই থাকবে আমাদের স্বল্প সময়ের অপেক্ষা। শ্রীলঙ্কা সামনের দুটো শক্ত দেয়াল পেরোনোর শক্তি অবশ্যই রাখে। অন্যথা হলে চূড়ান্ত খেলায় ভৌগোলিক বিবেচনায় বিশ্বসেরার তকমা আঁটতে লড়বে দুই গোলার্ধ। পূর্ব বনাম পশ্চিম। আবেগাশ্রিত এক বিভাজনে ভাগ হয়ে বিশ্ব উপভোগ করবে সেই রোমাঞ্চঘন বিশ্বকাপ ফাইনাল।তা সে ফাইনাল যেমন চেহারারই হোক। ফাইনালের উত্তেজনায় ঠাসা এক উপভোগ্য কোয়ার্টার ফাইনাল আমরা ইতিমধ্যে তারিয়ে তারিয়ে উপভোগ করে ফেলেছি। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটির কাছে যে বিনোদনসঞ্চারী ক্রিকেট প্রত্যাশিত ছিল, তার সবটাই প্রদর্শিত হয়েছে। মহেন্দ্র সিং ধোনির দল ক্রিকেট-বিশ্বের চাহিদা মেটাতেই যেন অস্ট্রেলিয়ার টানা চতুর্থবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনার ইতি টেনে দিল আহমেদাবাদে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতার হ্যাটট্রিক-বঞ্চিত হলেন রিকি পন্টিং। খেলার ফলাফল জন্ম দিল এই প্রথমবারের মতো ভারত-পাকিস্তান সেমিফাইনালের। সেও তো ক্রিকেটের চরম উৎকর্ষ উৎসরণের এক সম্ভাব্য মহারণ। নানা অনুষঙ্গে রোমাঞ্চকর ক্রিকেটের অনন্য উৎসব।গত পরশু অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ফলাফল খেলাটির যে সরল-সহজ মীমাংসা চিহ্নিত করে, খেলাটি তত সহজ ছিল না ভারতের পক্ষে। আমরা সবাই দেখেছি, কী চরম উত্তেজনা বিরাজ করেছে সারা ম্যাচটিকে ঘিরে। দুই দলই বারবার পিছিয়ে পড়ে আবার খেলায় ফিরেছে। শেষ আধা ঘণ্টা ছাড়া তেমন স্বস্তিতে ছিল না ভারত। ছিল না, কারণ রিকি পন্টিংয়ের অসাধারণ ফর্ম-ফেরা ব্যাটিং আর দলকে জয়ের সম্ভাবনার মধ্যে রাখার দুর্দমনীয় অধিনায়কী মনোবল। পন্টিং পারলেন না শেষ ৭০ রানের জন্য, ভারতের শেষ স্বীকৃত ব্যাটিং জোড়া যুবরাজ সিং ও সুরেশ রায়না শেষাবধি অবিচ্ছিন্ন থেকে গেলেন বলেই। এই জুটি অসাধারণ দায়িত্বশীলতা প্রদর্শন করে ঝুঁকিহীন স্ট্রোক খেলেছে। অসাধারণ সেই ব্যাটিং যুগলবন্দী, ঝুঁকিহীন কিন্তু সাবলীল, গতিময়। যুবরাজের বিশ্বকাপে চতুর্থ বার ম্যাচ-সেরার পুরস্কার এবং ভারতের জয় এসেছে সেই সূত্রে। ভারত এক মহা গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে কিন্তু দর্শকের পয়সা পাই পাই মিটিয়ে দিয়েছে দুই দল মিলে। তিন তিনটি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া পন্টিং এবার সারা বিশ্বকাপে যত রান করেননি, এদিন তা করলেন। উপভোগ্য শতকের নির্মাণকৌশল ছিল অনুকরণীয়। তাঁর ব্যাট আরেকটি বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়ে গেল কি? শচীনের অর্ধশতে একই সঙ্গে মিশে ছিল প্রাপ্তি-অপ্রাপ্তির আনন্দ-বেদনা। ব্রেট লি, জনসন, জহির খানদের গতির খেলাটাও মন্দ ছিল না এদিন।কপিল দেবের ভারত ১৯৮০ সালে ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার চরিত্রটিকে বাঁচিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজের টানা দুবারের একাধিপত্য থামিয়ে। এবার এখনো শিরোপা না জিতলেও ধোনির দল তো থামিয়ে দিল অস্ট্রেলিয়ার আরও বড় জয়রথের চাকা।