আবারও মাথায় ইট পড়ে মৃত্যু
রাজধানীর আদাবর থানায় বায়তুল আমান হাউজিং এলাকার একটি বহুতল ভবন থেকে ইট মাথায় পড়ে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ভ্যান চালক মারা গেছেন। পুলিশ সূত্র জানায়, আজ বিকেল পৌনে পাঁচটার দিকে বায়তুল আমান হাউজিং এলাকার ১০ নম্বর সড়কের ৫৪৮ নম্বর বাড়ির নিচে ভ্যানচালক মোশাররফ হোসেন তাঁর ভ্যানটি থামিয়ে চার বন্ধুর সঙ্গে লুডু খেলছিলেন। একপর্যায়ে ওই ভবনের ছয়তলার বারান্দা থেকে ইট ভ্যানের ওপর বসা মোশাররফের পড়ে। এতে তাঁর মাথা থেঁতলে যায়। অন্য তিনজনের কেউ আহত হননি।স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।আদাবর থানার অপারেশন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিহতের স্বজনদের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা করা হলে তা গ্রহণ করা হবে।মোশাররফ হোসেন স্থানীয় বস্তিতে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কুড়িবিরচরে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।সম্প্রতি পান্থপথে সাগুফতা হাউজিংয়ের একটি ভবন থেকে মাথায় ইট পড়ে একজন নিহত হন।