আবারও মেজাজ হারালেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মেজাজ হারিয়েছেন। আজ বুধবার এক সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হয়েছেন তিনি। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট রাজ্যের জনজীবনে আংশিক প্রভাব ফেলেছে কি না, এক সাংবাদিক মমতাকে এমন প্রশ্ন করেন। এর পরপরই ওই সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হন মমতা।সংশ্লিষ্ট সাংবাদিককে উদ্দেশ করে মমতা বলেন, ‘তুমি কোথায় কাজ করো? তুমি কোনো একটি বিশেষ গণমাধ্যমের লোক। তাই তুমি আমাকে এমন প্রশ্ন করেছো। দয়া করে যাও এবং বাজারঘাট যাচাই করো।’ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে ওই সাংবাদিক বলেন, ধর্মঘটে রাজ্যের দোকান ও মার্কেট বন্ধ ছিল। অধিকাংশ বাস ও ট্যাক্সি রাস্তায় নামেনি। এ কথা শোনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেজাজ হারিয়ে ওই সাংবাদিককে তিনি বলেন, ‘তুমি কি এখানে তোমার দলের মতামত দিতে এসেছ? তুমি তোমার সীমা লঙ্ঘন করছ।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন বলেন, ‘তুমি তোমার পত্রিকার নীতি অনুসারে মতামত প্রকাশ করতে পারো। সেটাই তোমার কাজ।’এর আগে ফটোসাংবাদিকদের কষে চড় মারার হুমকি দিয়েছিলেন মমতা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ‘মাটি উত্সব’ নামের একটি মেলায় গিয়েছিলেন তিনি। সেখানে ফটোসাংবাদিকেরা যখন তাঁর ছবি তুলছিলেন, মমতা তাঁদের দিকে তেড়ে গিয়ে বলেন, ‘তোমাদের কষে চড় মারব।’এ ঘটনার কয়েক দিন আগে কলকাতা বইমেলায় যান মমতা। মেলার তিন নম্বর ফটক দিয়ে প্রবেশ করে ভুলক্রমে বের হন এক নম্বর ফটক দিয়ে। এ সময় তিনি সেখানে তাঁর গাড়ি দেখতে না পেয়ে কিছুটা বিচলিত হয়ে নিরাপত্তা কর্মকর্তাদের উচ্চ স্বরে বকাবকি করেন এবং চড় দেওয়ার হুমকি দেন। পরে ওই নিরাপত্তাকর্মী হাত জোড় করে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চান।