ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর হত্যাচেষ্টা মামলায় স্বামী হাসান সাইদকে গতকাল শুক্রবার আবারও এক দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে গত বৃহস্পতিবার দুপুরে রুমানার শ্বশুর সৈয়দ আহমেদ কবির জোর করে রুমানার সঙ্গে দেখা করার পর রুমানার বাবা মনজুর হোসেন গতকাল ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডিবি সূত্র জানায়, রুমানা হত্যাচেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) বাহাউদ্দিন ফারুকী জিজ্ঞাসাবাদের জন্য সাইদকে আবারও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তিন দফায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মামলার তদারকি কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, গত ২১ মে সাইদ একটি রড দিয়ে রুমানাকে পিটিয়েছিলেন। গত বৃহস্পতিবার রুমানাদের বাসার খাটের নিচ থেকে সেটি জব্দ করা হয়। সাইদ ডিবির কাছে স্বীকার করেছেন, ২১ মে মারধরের পর রুমানা তাঁকে তালাক দেওয়ার কথা জানান। এরপর রুমানাকে তিনি সারা রাত একটি বাথরুমে আটকে রাখেন। তবে রুমানা এ কথা তাঁর বাবাকে জানাননি। ৫ জুন রাজধানীর ধানমন্ডিতে রুমানার বাবার বাসায় স্বামী হাসান সাইদের নির্মম নির্যাতনের শিকার হন রুমানা। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর একটি চোখ নষ্ট হয়ে গেছে, অন্যটির অবস্থা মোটেও ভালো নয়। ধানমন্ডি থানায় জিডি: গতকাল দুপুরে রুমানার বাবা সাবেক সেনা কর্মকর্তা মনজুর হোসেন ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি বলেন, গত বৃহস্পতিবার দুপুরে রুমানার শ্বশুর সৈয়দ আহমেদ কবির ল্যাবএইড হাসপাতালে যান। তিনি রুমানাকে দেখতে চাইলে তাঁকে কেবিনে ঢুকতে দেওয়া হয়নি। পরে সৈয়দ কবির তাঁর নাতনি আনুশেহকে দেখতে গেলে তার সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, রুমানার বাবার জিডির পর রুমানার নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে জন্য হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। রুমানার বাবা মনজুর হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সৈয়দ আহমেদ কবির রুমানার কেবিনে ঢুকতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয়। তবু তিনি জোর করে কেবিনে ঢুকে পড়েন। নিরাপত্তার কারণে নাতি আনুশেহর সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। রুমানার বাবা বলেন, রুমানার ওপর নির্যাতনের প্রত্যক্ষদর্শী তাঁর মেয়ে আনুশেহ। এই মুহূর্তে আনুশেহর নিরাপত্তা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ: রুমানার ওপর নির্যাতনের প্রতিবাদ জানাতে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘রুমানার জন্য ন্যায়বিচার মঞ্চ’ বিক্ষোভ ও সংহতি সমাবেশের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রকৃতপক্ষে রুমানাকে হত্যা করা হয়েছে। একজন শিক্ষকের দুটি চোখ কেড়ে নেওয়া মানে তাঁর সবকিছু কেড়ে নেওয়া। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, রুমানা স্বল্পভাষী একটি মেয়ে ছিলেন। তাঁর মুখে সব সময় মিষ্টি হাসি লেগে থাকত। তাঁর ওপর নির্যাতনকারীকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রুমানার শিক্ষিকা ও সহকর্মী মেঘনা গুহঠাকুরতা। তিনি বলেন, ‘রুমানার জন্য আজ এভাবে দাঁড়াতে হবে সেটা, কখনোই ভাবিনি।’ অনুষ্ঠানে রুমানার বাবা মনজুর হোসেন বলেন, ‘আমার মেয়ের অবস্থা খুবই সংকটাপন্ন। আপনারা যে যেখানে আছেন তার চোখ ভালো হওয়ার জন্য দোয়া করবেন।’ অনুষ্ঠানে শুরুতেই বিবৃতি পাঠ করেন মঞ্চের আহ্বায়ক আকমল হোসেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান গীতি আরা নাসরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফরিদউদ্দিন আহমেদ, সদরুল আমিন, রোকেয়া কবির, শিরিন আখতার, বদরউদ্দীন উমর প্রমুখ বক্তব্য দেন।