আবার নাশকতার শিকার হয়েছে যাত্রীবাহী ট্রেন। বিএনপিসহ ১৮ দল ও শিবিরের ডাকা গতকালের হরতালের আগের রাতে নাশকতার শিকার হয় ৮৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস। ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হলে ছয়টি বগি রেললাইনের বাইরে পড়ে যায়। আহত হয় অন্তত ৩০ জন যাত্রী। গত সোমবার দিবাগত রাত চারটা ৩৫ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং এলাকা থেকে এক কিলোমিটার অদূরে শ্রীমন্তপুরে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-ঢাকা, সিলেট, নোয়াখালী ও ময়মনসিংহ লাইনে প্রায় ১৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। লাকসাম ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে দিনভর কাজ করে রেললাইন পুনঃস্থাপন করে এবং পড়ে যাওয়া বগিগুলো তুলে আনে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সারা দিন চৈত্রের খরতাপে আতঙ্কিত ও বিধ্বস্ত যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। রেলের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মো. বেলাল উদ্দিন বলেন, রেললাইনের ১২৬ ফুট লোহার পাত খুলে ফেলা হয়েছে। এর সঙ্গে ৪০টি স্লিপার শক্তভাবে যুক্ত ছিল। দুর্বৃত্তরা লোহার পাত ও স্লিপারের মধ্যে সংযোগকারী ৮০টি স্পাইকের এক-তৃতীয়াংশ খুলে নিয়ে গেছে। ফিশপ্লেটের ছয়টি বোল্টও খুলে ফেলেছে। তিনি বলেন, এ ধরনের স্পাইক ও বোল্ট খুলতে অনেক সময়ের প্রয়োজন। অথচ চট্টগ্রামগামী তূর্ণার ৪৫ মিনিট আগে উদয়ন ওই লাইন দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছায়। এই নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বেলা সাড়ে তিনটায় নগরের কোটবাড়ি এলাকার চাঙ্গিনির ‘মাস্টার মেস’ থেকে শিবিরের ১৭ জন কর্মীকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ সদর থানার পুলিশ। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যাত্রীদের বক্তব্য: ট্রেনের যাত্রী চট্টগ্রামের আগ্রাবাদের বাসিন্দা দেলোয়ার হোসেন ছিলেন ইঞ্জিনের পেছনের ৩ নম্বর বগিতে। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রচণ্ড ধাক্কায় ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যে অন্য আসনে গিয়ে পড়ি। যাত্রীরা একে অন্যের ওপর হুড়মুড় করে পড়ে। বার কয়েক চক্কর খাওয়ার পর বগি মনে হলো এক জায়গায় বসেছে। তখন আমরা জানালা খুলে কোনোরকমে বেরিয়ে আসি।’ কুমিল্লার চকবাজার এলাকার বাসিন্দা তারেক হাসান বলেন, ‘কুমিল্লা রেলস্টেশন থেকে চট্টগ্রামের দিকে রওনা হওয়ার ১০ মিনিটের মধ্যেই হঠাত্ করেই ট্রেনের বগি ওপরের দিকে উঠে উল্টে যায়। একপর্যায়ে বগির (ঘ) সব বাতি নিভে যায়। ঘোর অন্ধকারের মধ্যে বের হওয়ার প্রাণপণ চেষ্টা করি। দরজার সামনে গিয়ে দেখি, তা বন্ধ। জানালার কাচও ভাঙা যাচ্ছে না। একপর্যায়ে পরের বগির দরজা দিয়ে বেরিয়ে আসি।’ চট্টগ্রামের বাদুড়তলা এলাকার নিজাম উদ্দিন বলেন, ‘আমি গভীর ঘুমে ছিলাম। একটা ঝাঁকুনি দিয়ে তাপানুকূল বগিটি রেললাইন থেকে নিচে নেমে যাচ্ছিল। তাত্ক্ষণিক মুঠোফোনের আলো জ্বালিয়ে বেরিয়ে আসি।’ দুর্ঘটনাকবলিত ট্রেনের ছয়টি বগির পরের বগিতে ছিলেন চট্টগ্রামের দেওয়ানহাট এলাকার ব্যবসায়ী ওসমান সোহেল। তিনি বলেন, ‘বিকট শব্দের আওয়াজ পেলাম। আমি জানালার পাশে ছিলাম। মুহূর্তেই দেখলাম, আমার সামনের বগিগুলো উলটপালট হয়ে পড়ে যাচ্ছে। আমাদের বগি ঝাঁকুনি দিয়ে থেমে গেল।’ যাত্রী খোরশেদ আলম বলেন, ‘আমি ছিলাম একেবারেই পেছনের বগিতে। হঠাত্ বিকট শব্দ হলো। ভোররাত হওয়ায় অনেক যাত্রী ঘুমিয়ে পড়েছিল। বিকট শব্দে জেগে উঠেই যাত্রীরা চিত্কার শুরু করে। যাত্রীদের মধ্যে কান্নার রোল পড়ে। যে যার মতো নামতে গিয়ে কমবেশি আহত হয়েছে।’ একাধিক যাত্রী জানান, দুর্ঘটনার এলাকার কাছাকাছি জনবসতি কম থাকায় ভোর সাড়ে পাঁচটার পর আশপাশের গ্রামের লোকজন ঘটনাস্থলে আসে। তার আগে যাত্রীরা নিজেরাই রেললাইন থেকে ধানখেতে আছড়ে পড়া বগিগুলোর যাত্রীদের উদ্ধার করে। বেশি আহত ব্যক্তিদের ভোর হওয়ার পর আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। ট্রেনের যাত্রী ফিরোজ আহমেদ বলেন, ‘কাকতালীয়ভাবে বেঁচে গেলাম। মনে হচ্ছে, নতুন জীবন পেলাম।’ কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার বলেন, দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়ে যার যার গন্তব্যে চলে গেছে। বেলা সাড়ে তিনটার দিকে যাত্রীদের নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রভাতী এক্সপ্রেস দুর্ঘটনার এলাকায় পৌঁছায়। একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসও সেখানে আসে। সেখানে এক ট্রেনের যাত্রীরা অপর ট্রেনে উঠে নিজ নিজ গন্তব্যে চলে যায়। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। যাত্রা বাতিল করা হয় কয়েকটি ট্রেনের। দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। আসে ফায়ার সার্ভিসের কর্মীরাও। তাঁরা পৌঁছেই উদ্ধার তত্পরতা শুরু করেন। লাইন পুনঃস্থাপন হওয়ার পর রাত সাড়ে আটটায় ট্রেন চলাচল শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি রেললাইনের পূর্ব পাশে ধানি জমিতে পড়ে আছে। অপর চারটি বগি পশ্চিম পাশে ধানি জমিতে কাত হয়ে আছে। রেললাইন কয়েক ফুট দূরে ছিটকে পড়েছে। স্লিপার ও পাটাতনগুলো ভেঙে গেছে। লাইনের পাথর সরে গিয়ে মাটি দেবে গেছে। জিআরপি পুলিশের সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘দুর্ঘটনায় আমাদের দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’ঘটনাস্থলে আসেন ২০০৭ সালের ২ আগস্ট উপকূল এক্সপ্রেসকে দুর্ঘটনার হাত থেকে রক্ষাকারী ‘রেলনায়ক’ ও স্থানীয় বাসিন্দা রকিবুল হাসান। তিনি বলেন, ‘ওই সময় এই জায়গায়ই লাইনের ফিশপ্লেট খুলে রাখা হয়েছিল। আমি তা দেখে বাড়ি থেকে লাল কাপড় এনে বাতাসে উড়িয়ে ট্রেন থামিয়েছিলাম।’ তিনি বলেন, এই দুর্ঘটনায় যাত্রীরা কেমন করে বেঁচে গেল, আল্লাহই বলতে পারবেন। ১৭ আটক: সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেন, ‘এই নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে শিবিরের ১৭ জন কর্মীকে জিহাদি বইপুস্তকসহ নগরের কোটবাড়ি এলাকার চাঙ্গিনি মাস্টার মেস থেকে আটক করা হয়। তাঁরাই রেললাইনের ফিশপ্লেট উপড়ে ফেলছে বলে আমাদের কাছে তথ্য এসেছে।’ তিনি বলেন, গত কয়েক দিনে শিবিরের ওই কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড, বেলতলী, নন্দনপুর ও আলেখারচরে কাভার্ড ভ্যান, ট্রাকসহ বিভিন্ন বাহনে মোটরসাইকেলযোগে আগুন দিয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ট্রেনের ফিশপ্লেট খুলে ফেলার সঙ্গে ১৮-দলীয় জোট ও তাঁদের অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী জড়িত নন বলে দাবি করেছেন। তদন্ত কমিটি: চার সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমানকে। অন্য তিন সদস্য হলেন পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মো. বেলাল উদ্দিন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী আখতারুজ্জামান হায়দার ও প্রধান সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা চন্দন কান্তি দাশ। কমিটির সদস্য মো. বেলাল উদ্দিন এই ঘটনাকে ‘ভয়ংকর নাশকতা’ অভিহিত করে প্রথম আলোকে বলেন, ‘দুর্বৃত্তরা জনগণকে প্রতিপক্ষ ভাবছে বলে মনে হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের সাতটি কোচে চার শতাধিক যাত্রী ছিল, যাঁদের সবাই সাধারণ নাগরিক। কোচগুলো আছড়ে খাদে পড়লে যাত্রীদের জানমালের ক্ষতির আশঙ্কা ছিল ব্যাপক।’ ট্রেন বাতিল: কুমিল্লায় নাশকতার কারণে গতকাল ঢাকাগামী প্রভাতী ও গোধূলী এবং চট্টগ্রামগামী সুবর্ণ ও গোধূলীর যাত্রা বাতিল করা হয়েছে। তবে ঢাকাগামী সুবর্ণ কুমিল্লা পর্যন্ত যাত্রী পৌঁছে দেয়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী প্রভাতী কুমিল্লায় এসে যাত্রী নামিয়ে সুবর্ণ এক্সপ্রেসের যাত্রীদের নিয়ে আবার ঢাকায় চলে যায়। আর প্রভাতীর যাত্রীরা সুবর্ণ এক্সপ্রেসে চড়ে চট্টগ্রামে পৌঁছায়। প্রধান পরিচালন কর্মকর্তা বেলাল উদ্দিন বলেন, আন্তনগর চারটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। টিকিটের টাকা ফেরত: যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলোর যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম স্টেশন থেকে ১০ লাখ টাকার বেশি ফেরত দেওয়া হয়েছে বলে সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা ওমর ফারুক জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ট্রেনগুলো চালাতে না পারায় রেল মোটা অঙ্কের আয় থেকে বঞ্চিত হলো। ট্রেনের যাত্রা বাতিলের কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। গতকালের হরতালে বিকল্প পরিবহন ব্যবস্থা না থাকায় এই যাত্রীরা আবার বাসায় ফিরে যায়। আবুল কাশেম নামের একজন যাত্রী গতকাল টিকিটের টাকা ফেরত নিতে এসে প্রথম আলোকে বলেন, ‘জরুরি কাজে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছানোর দরকার ছিল। গোধূলীর যাত্রা বাতিলের কারণে আমি আর ঢাকায় যেতে পারছি না। তাই টাকা ফেরত নিচ্ছি।’এক মাসে কুমিল্লায় চারটি নাশকতা: হরতালের আগের দিন ও হরতালের দিন ভোরে নাশকতার ঘটনা ঘটছে ট্রেনে। কুমিল্লা ও লাকসাম রেলস্টেশন সূত্র জানায়, এই প্রক্রিয়ায় এক মাসে চারটি নাশকতার ঘটনা ঘটেছে। গত ২ মার্চ রাত ১০টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেলস্টেশনের অদূরে জাঙ্গালিয়া এলাকায় রেললাইনে আগুন ধরিয়ে দেন শিবিরের কর্মীরা। ৩ মার্চ ভোরে হরতালকারীরা মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় ১৬০ ফুট রেললাইন উপড়ে ফেলে। একই দিন সকালে লাকসামের দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশে লেভেল ক্রসিং ও হোম সিগন্যালের গোড়ায় রেললাইনে আগুন দেওয়া হয়। ১৮ মার্চ সকাল পৌনে নয়টায় লাকসামের দৌলতগঞ্জ স্টেশনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হামলা চালান। আর চলমান রাজনৈতিক সহিংসতার এই পাঁচ মাসে রেলে ৯৬টি নাশকতার ঘটনা ঘটেছে। এর আগে ৯২টি নাশকতার খবর প্রকাশ হয়েছিল প্রথম আলোতে। এতে নয় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে রেল কর্তৃপক্ষের হিসাবে বলা হয়েছে।