আবারও শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় সুবর্ণা মুস্তাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন সুবর্ণা মুস্তাফা। নতুন এই ধারাবাহিকের নাম ‘যন্তর-মন্তর’। লিখেছেন পান্থ শাহরিয়ার। নাটকটির মূল চরিত্রেই অভিনয় করবেন তিনি। ৭৮ পর্বে নির্মিত এই নাটকটির প্রথম ২৬ পর্ব সুবর্ণা মুস্তাফাকে ঘিরেই আবর্তিত বলে জানান পরিচালক শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন, যন্তর-মন্তর নাটকটির নাম শুনে মনে হতে পারে এটি কোনো জাদুমন্ত্র নিয়ে গল্প। আসলে তা নয়। যন্তর-মন্তর পুরোপুরিভাবেই একটি পারিবারিক আবেগ-অনুভূতির গল্প। এখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা।শহীদুজ্জামান সেলিম আরও বলেন, ‘সুবর্ণা আমার পরিচালনায় এর আগে স্পর্শের বাইরে ও রংছুট নামের দুুটি ধারাবাহিকে অভিনয় করেছে। এ ছাড়া কয়েকটি এক ঘণ্টার নাটকেও সুবর্ণার সঙ্গে কাজ করা হয়েছে। আশা করছি যন্তর-মন্তর নাটকটিও আগের নাটকগুলোর মত দর্শক সমাদৃত হবে।’যন্তর-মন্তর নাটকটি ছাড়াও সেলিম ‘শঙ্খ নর্তকী’ নামের আরেকটি ধারাবাহিকের কাজ শুরু করবেন। এটি নাসরিন জাহানের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে। বর্তমানে মাছারাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে সেলিমের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘সামান্থা’। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নাটকটির শেষ অংশের শুটিং করা হবে বলে তিনি জানান। এর পরই নতুন এই দুুটি ধারাবাহিকের শুটিং শুরু করবেন। দুটি ধারাবাহিকই নতুন দুটি স্যাটেলাইট চ্যানেলের উদ্বোধনী দিন থেকে প্রচার করা হবে বলে পরিচালক সূত্র নিশ্চিত করেছে।