সংবাদ সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশে ইতিমধ্যে সমালোচনার ঝড় বয়ে গেছে। এই অবস্থায় সাময়িকীটি তাদের নতুন সংখ্যায় বাংলাদেশ নিয়ে আরও দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। উভয় প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করা হয়েছে। এদিকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সংবাদ সাময়িকী ইকোনমিস্ট-এর প্রথম প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ভারত। তারা ওই প্রতিবেদনকে ‘হতাশাজনক’ অভিহিত করে বলেছে, যথাযথ পর্যালোচনার ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়নি।গত ৩০ জুলাই সংখ্যার ‘এমব্রেসঅ্যাবল ইউ’ শিরোনামের ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু ইকোনমিস্ট তাদের ছাপা পত্রিকায় প্রতিবাদটি প্রকাশ না করে শুধু অনলাইনে প্রকাশ করেছিল। পরে দ্বিতীয়বার প্রতিবাদ জানানোর পর তারা তা ছোট করে প্রকাশ করেছে সর্বশেষ সংস্করণে।এই অবস্থায় ইকোনমিস্ট তাদের সর্বশেষ সংস্করণে (আজ শনিবার প্রকাশিত হবে) বাংলাদেশ নিয়ে নতুন দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। নতুন প্রতিবেদনের শিরোনাম ‘দ্য পয়জনাস পলিটিক্স অব বাংলাদেশ: রিভার্সন টু টাইপ’ (বাংলাদেশের কলুষিত রাজনীতি: প্রতিহিংসার নামান্তর)। অপরটির শিরোনাম ‘ইন দ্য নেম অব দ্য ফাদার’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগোচ্ছে, কিন্তু সেখানকার রাজনীতি ঠিক তার উল্টো। ইকোনমিস্ট-এর মতে, ২০০৮ সালের সাধারণ নির্বাচন ছিল বাংলাদেশের জন্য এক সন্ধিক্ষণ। দেশের চার দশকের সবচেয়ে সুষ্ঠু ও স্বচ্ছ ওই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে বিজয়ী হয়। এরপর দেশজুড়ে মানুষ আশায় বুক বেঁধেছিল। মানুষ আশা করেছিল, এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে শেখ হাসিনা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবেন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবেন। বিজয়ীরাই সব—আওয়ামী লীগ ও বিএনপির এই কলুষিত সম্পর্কের অবসান ঘটবে। তবে মানুষের মনে আশঙ্কাও ছিল, শেখ হাসিনা এই বিশাল জনসমর্থন দলীয় স্বার্থে ব্যবহার করতে পারেন।ইকোনমিস্ট বলে, মানুষের সব আশা এরই মধ্যে শেষ হয়ে গেছে। আর পরিপূর্ণ সত্য হয়ে দেখা দিয়েছে আশঙ্কা। হাসিনার প্রতিদ্বন্দ্বী বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করে দুর্নীতির মামলা করা হয়েছে এই সপ্তাহে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁর নির্বাসিত ছেলে তারেক রহমানের বিরুদ্ধে।ইকোনমিস্ট-এর প্রতিবেদনে বলা হয়, খালেদা জিয়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর আমলে অনেক আমলাতান্ত্রিক চুরির ঘটনা ঘটে। কিন্তু এর আগে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনো একই রকম ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা হয়। শেখ হাসিনার সেই সব মামলা ফেলে খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করে মামলা করা হচ্ছে, যা বাংলাদেশের রাজনীতিতে খুবই স্বভাবসুলভ।শেখ হাসিনা ও খালেদা জিয়া যেমন পরস্পরের চরম বিদ্বেষী, প্রধান দুই দলেও সেই একই অবস্থা দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয় ইকোনমিস্ট-এর প্রতিবেদনে। এতে বলা হয়, ২০০৮ সালের নির্বাচনের পর বিএনপি সেই অযৌক্তিকভাবে পার্লামেন্ট বয়কট করে রাজপথ বেছে নিয়েছে। আর আওয়ামী লীগের সব বড় প্রতিশ্রুতি উবে গেছে নিজেদের ক্ষমতা আরও মজবুত করার নির্মম পাঁয়তারায়।সাময়িকীটির প্রতিবেদনে বলা হয়, নিজের ক্ষমতা নিরঙ্কুশ করতে শেখ হাসিনা সবচেয়ে বিতর্কিত কাজটি করেছেন গত জুন মাসে। সংশোধন করা হয়েছে সংবিধান। যেমনটা গত বছর করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। সংবিধানে অন্যান্য পরিবর্তনের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন আনা হয়েছে তা হলো, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল। এই অবস্থায় বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে ভাবা কঠিন হয়ে পড়েছে।আজকের সংখ্যায় বাংলাদেশ নিয়ে ‘ইন দ্য নেম অব দ্য ফাদার’ শিরোনামে অপর প্রতিবেদনেও শেখ হাসিনার চরম সমালোচনা করেছে ইকোনমিস্ট। এতে বলা হয়, শেখ হাসিনা হয়তো আশা করছেন, আগামী কয়েক বছর পর আবার সাধারণ নির্বাচন দিলে তিনি পুনর্নির্বাচিত হবেন।এই প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শেখ হাসিনার আক্রমণ। সম্ভবত তাঁর ভুল ছিল সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় নতুন একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করা। এ ছাড়া শেখ হাসিনার সমালোচনা করে প্রতিবেদনে বলা হয়, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে স্বাধীনতাসংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তাঁর স্বাধীনতার ঘোষণাকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইকোনমিস্ট বলেছে, এর মধ্য দিয়ে শেখ হাসিনা তাঁর বাবা মুজিবুর রহমানকে মহান করে তোলার চেষ্টা করেছেন, যা নিয়ে দেশে বিতর্ক রয়েছে। এ প্রসঙ্গে এক দিন আগে বঙ্গবন্ধুর ছবিসংবলিত নতুন নোট চালুর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ভারতের প্রতিবাদ: ইকোনমিস্ট-এর ৩০ জুলাই সংখ্যায় বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ‘এমব্রেসঅ্যাবল ইউ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, দিল্লির দেওয়া ব্যাগভর্তি টাকা ও পরামর্শ নিয়ে শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হন। প্রতিবেদনে আরও বলা হয়, ভারত বাংলাদেশের দেওয়া ট্রানজিট-সুবিধা সামরিক কাজেও ব্যবহার করতে পারে।লক্ষণীয় যে ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী গত ২৩-২৪ জুলাই বাংলাদেশ সফরের পরপরই ওই প্রতিবেদনটি প্রকাশ করে ইকোনমিস্ট। ওই সফরকালে সোনিয়া তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধীকে দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে এ সম্মাননা দেওয়া হয়।ভারতের সরকারি সূত্রগুলো দাবি করেছে, ওই প্রতিবেদনে বাংলাদেশ-ভারত সুসম্পর্কের কথা এবং শেখ হাসিনা সরকারের জঙ্গিবিরোধী কঠোর পদক্ষেপের কথা বলা হলেও তার গভীরে যাওয়া হয়নি। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ৬-৭ সেপ্টেম্বর ঢাকা সফরের আগে প্রকাশিত প্রতিবেদনটিতে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিদ্যমান সম্পর্কের সঠিক প্রতিফলন হয়নি।ভারতীয় কর্মকর্তারা অভিযোগ করেন, বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে প্রকাশিত এ প্রতিবেদনে কিছু ব্যক্তির মত প্রকাশিত হয়েছে এবং এতে ভারতীয় পক্ষের কোনো অভিমতই ছিল না। বাংলাদেশ-ভারত সম্পর্কের ব্যাপারে সচেতন এক কর্মকর্তা বলেন, প্রতিবেদনে পক্ষপাতমূলক মানসিকতা প্রতিফলিত হয়েছে, যা উন্নয়নশীল দেশ দুটির স্বার্থবিরোধী।ভারতীয় কর্মকর্তারা জানান, গত এক বছরে ভারতের অর্থ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। আগামী কিছু দিনের মধ্যে ভারতের পানিসম্পদমন্ত্রীরও বাংলাদেশ সফরের কথা। তাই বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে প্রতিবেদনে যেসব কথা বলা হয়েছে, তা সঠিক চিত্র নয় বলেও তাঁরা উল্লেখ করেন।ওই কর্মকর্তারা বলেন, ভারত অনেক দিন ধরেই তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশের কাছে ট্রানজিট-সুবিধা দেওয়ার দাবি করে আসছিল। কিন্তু এই রুট সামরিক উদ্দেশ্যে ব্যবহারের কোনো প্রস্তাব ভারতের পররাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয় দেয়নি।