আবারও শোয়ার্জেনেগার-স্ট্যালোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্য এক্সপেন্ডেবলস ২’ ছবির পর এবার ‘দ্য টম্ব’ ছবিতে আবারও এক সঙ্গে অভিনয় করবেন হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জেনেগার এবং সিলভেস্টার স্ট্যালোন। শিগগিরই যুক্তরাষ্ট্রের লুসিয়ানায় অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিটির শুটিং শুরু হবে বলেই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালনের পর গত বছর থেকে বেশ আঁটঘাট বেঁধেই রুপালি পর্দার কাজ শুরু করেছেন ৬৪ বছর বয়সী আর্নল্ড। আর তাঁর এই প্রত্যাবর্তনে লাভবান হয়েছেন চলচ্চিত্রপ্রেমী দর্শকেরা। ‘দ্য লাস্ট স্ট্যান্ড’, ‘দ্য এক্সপেন্ডেবলস ২’-এর মতো ছবির পর এবার ‘দ্য টম্ব’ ছবিতেও আর্নল্ডের চমক দেখার সুযোগ পাবেন দর্শকেরা। ‘দ্য এক্সপেন্ডেবলস’ ছবিতে স্ট্যালোনের সঙ্গে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন আর্নল্ড। সেই ছবির মাধ্যমে পর্দায় যে ধুন্ধুমার কাণ্ড এই দুই তারকা তুলে ধরেছিলেন, তার রেশ ধরেই ‘দ্য এক্সপেন্ডেবলস ২’ ছবিতেও তাঁদেরকে এক সঙ্গে হাজির করা হয়েছে। এবার ‘দ্য টম্ব’ ছবির মাধ্যমেও পর্দায় ঝড় তুলবেন তাঁরা, এমনটাই প্রত্যাশা সবার। ছবিটিতে বিশ্বের শীর্ষস্থানীয় নিরাপত্তা বিশেষজ্ঞ রে ব্রেসলিন চরিত্রে দেখা যাবে স্ট্যালোনকে। মিথ্যে খুনের অভিযোগে কারাগারে যেতে হয় ব্রেসলিনকে। তাঁকে যে কারাগারে রাখা হয় সেটার নকশা করেছিলেন তিনি নিজেই। বিনা অপরাধে কারাগারে বন্দী না থেকে একপর্যায়ে তিনি সেখান থেকে পালানোর তত্পরতা শুরু করেন। অন্যদিকে ছবিটিতে কারাবন্দী চার্চ চরিত্রে অভিনয় করবেন আর্নল্ড। বন্দীরা যাতে তাঁদের ভেতরে লুকিয়ে থাকা মানবতাবোধ হারিয়ে না ফেলেন সে লক্ষ্যে কাজ করেন চার্চ। ‘দ্য টম্ব’ পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘দ্য রাইট’খ্যাত সুইডিশ চলচ্চিত্র নির্মাতা মিকায়েল হাফস্ট্রম। শুরুতে ছবিটির স্ক্রিপ্ট লিখেছিলেন মাইলস চাপম্যান। পরে আবারও নতুন করে এর স্ক্রিপ্ট লিখেছেন জেসন কেলার। ছবিটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে রয়েছে সামিট এন্টারটেইনমেন্ট। এর আগে ‘টোয়াইলাইট’ সিরিজের ছবিসহ অনেক হিট ছবি উপহার দিয়েছে সামিট।