আবারও সংঘর্ষ, পরস্পরকে দোষারোপ ছাত্রলীগ-ছাত্রদলের
সিরাজগঞ্জ সরকারি কলেজে আজ রোববার আবারও ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশসহ দুই দলের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় একে অপরকে দোষারোপ করেছে ছাত্রলীগ ও ছাত্রদল। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে দুই দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই দল পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়ে মারে। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। আহত লোকজনের মধ্যে আকাশ আহমেদ, শামীম আহমেদ, একরামুল, সাগর, মুরাদুজ্জামান, সবুজ, আবিরসহ কয়েকজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা বিনা উসকানিতে কলেজের দক্ষিণ গেটে গিয়ে ইটপাটকেল ছোড়ে। এ সময় থামাতে গেলে সংঘর্ষ হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা প্রথমে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ ঘটনায় প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজের আধিপত্য বিস্তার এবং গতকালের ঘটনার জের ধরে আবার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক ও মামলাএদিকে সংঘর্ষের ঘটনায় আজ রোববার সুকান্ত নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবারের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০৭ জন এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সদস্য মো. সাইদুল ইসলাম ও ছাত্রদলের কলেজ শাখার অর্থ সম্পাদক আবদুস সালামকে আটক করা হয়েছে। এ ছাড়া ইমন হোসেন, সোহেল রানা ও আমির হোসেন নামের তিন ব্যক্তিকেও আটক করা হয়।