আবারও সংলাপের আহ্বান জানালেন বান কি মুন
সময়মতো ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি সংলাপে বসার জন্য আবারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও দেশে রাজনৈতিক হানাহানি অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব রাজনৈতিক নেতাদের গঠনমূলক সংলাপের ওপর গুরুত্বারোপ করে চলমান রাজনৈতিক উত্তেজনা ও মতবিরোধ কমানো এবং আগামী নির্বাচনে সরকারব্যবস্থা ঠিক করারও আহ্বান জানান। খবর ইউএনবির।একই সঙ্গে বান কি মুন আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানকালে অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের প্রস্তাবের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন।১৯৭১ সালে যাঁরা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন, তাঁদের বিচারকাজের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে বিষয়টির একটা পরিসমাপ্তি দরকার বলেও মত দেন বান কি মুন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ে বান কি মুনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বান কি মুন সংলাপের ওই আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে তাঁকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত করেন। নির্বাচনের রূপরেখা নিয়ে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দেওয়া নিয়ে বান কি মুনকে আশ্বস্ত করেন তিনি। এ সময় দীপু মনি আশা প্রকাশ করেন, বিরোধী দলগুলো বিলম্ব না করে শিগগিরই এ প্রস্তাবে সাড়া দেবে।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বোচ্চ অবদানের প্রশংসা করে বান কি মুন জাতিসংঘের শান্তি মিশনে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাওয়ার জন্য এ দেশবাসীর প্রতি ধন্যবাদ জানান।নতুন শ্রম আইন, ২০১৩-এর অধীনে দক্ষ শ্রমশক্তি, শ্রমিকদের স্বাস্থ্য-নিরাপত্তা ও অনুকূল পরিবেশ প্রতিষ্ঠায় কারখানার মালিক, শ্রমিক সংগঠন, সুশীল সমাজ, আইএলওসহ প্রতিনিধিত্বশীল বিভিন্ন বেসরকারি পর্যায় এবং সরকারের তরফে নেওয়া সমন্বিত পদক্ষেপের বিষয়েও জাতিসংঘের মহাসচিবকে বৈঠকে অবগত করেন পররাষ্ট্রমন্ত্রী। নতুন আইনটি বর্তমানে পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বান কি মুন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের গঠনমূলক সংলাপের ওপর গুরুত্বারোপ করে চলমান রাজনৈতিক উত্তেজনা ও মতবিরোধ কমানো এবং আগামী নির্বাচনে সরকারব্যবস্থা ঠিক করার আহ্বান জানান।