স্পিকারের সঙ্গে ফার্নান্দেজের সাক্ষাৎ
আবারও সংলাপের ওপর জোর দিলেন অস্কার ফার্নান্দেজ
নির্বাচনের পথ প্রশস্ত করতে প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপের ওপর আবারও জোর দিয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। আজ রোববার বিকেলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি দুই দলের সংলাপের কথা বলেছেন। সাক্ষাতের পর স্পিকার সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায়, তা নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি অস্কার ফার্নান্দেজ সবার সঙ্গে আলোচনা করে যাচ্ছেন। তিনি মহাসচিব বান কি মুনের বার্তা নিয়ে এসেছেন, সেটা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে আলোচনা করেছেন।শিরীন শারমিন বলেন, ‘জাতিসংঘ বিদ্যমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সংলাপকে উত্সাহিত করছে। তারা মনে করে, সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়, সমাধানের জন্য আলোচনায় বসতে হবে। তারা জানতে চেয়েছে, আলোচনা সংসদে হলে সেখানে স্পিকারের ভূমিকা কী হবে? আমি বলেছি, স্পিকার হিসেবে আমি সব ধরনের সহযোগিতা করব।’প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপের বিষয়ে স্পিকারের ভূমিকা নিয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব জানতে চেয়েছেন বলে শিরীন শারমিন জানান। তিনি বলেন, ‘স্পিকারের পদটি গুরুত্বপূর্ণ। সংসদকে কার্যকর করতে বিরোধী দলকে সংসদে আনার ব্যাপারে স্পিকারকে ভূমিকা রাখতে হবে। তবে সংলাপের বিষয়ে দুই দলকে সিদ্ধান্ত নিতে হবে। তারা সিদ্ধান্ত নিলে আমি সহযোগিতা করব। বিষয়টি অস্কার ফার্নান্দেজকে জানানো হয়েছে।’ স্পিকার বলেন, ‘সংলাপের ব্যাপারে দুই দলেরই মনোভাব ইতিবাচক। তবে কোথায়, কী নিয়ে আলোচনা হবে, সেটা এখনো ঠিক হয়নি। আলোচনা শুরু হলে সমস্যার জট খুলে যাবে।’আলোচনা কোথায় হলে ভালো হয়, সেটা নিয়ে জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে বলে স্পিকার জানান। তিনি বলেন, ‘আলোচনা কোথায় হবে, সে বিষয়ে দুই দলকে সিদ্ধান্ত নিতে হবে। তবে আলোচনা সংসদে হওয়াই ভালো। সংসদে আলোচনা হলে কারোর প্রতি বৈষম্য করার সুযোগ থাকবে না। এখানে সবারই সমান অধিকার রয়েছে। তা ছাড়া সংসদ তো বিরোধী দলেরও জায়গা। আমি চাই বিরোধী দল সংসদে আসুক।’ স্পিকারের সঙ্গে আলোচনা শেষে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো সাংবাদিকদের কাছে কিছু বলতে রাজি হননি।