আবারও সহিংসতার আশঙ্কা
সরকার ও বিরোধী দল মুখে সংলাপের কথা বললেও বাস্তবে এ রকম কোনো লক্ষণ বা উদ্যোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে সরকার ও বিরোধীদলীয় জোট এখন মুখোমুখি অবস্থানে রয়েছে।চলমান এই রাজনৈতিক সংকটের সঙ্গে যুক্ত হয়েছে ধর্মভিত্তিক দলগুলোর আন্দোলন। ১৩ দফা দাবি নিয়ে মাঠে রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পরিস্থিতি বিবেচনায় আগামী দিনের রাজনীতিতে আরও সংঘাত ও রক্তপাতের আশঙ্কা করছে সরকার।সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা বলছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। যেকোনো দিন আরও দুটি মামলার রায় হতে পারে। তা ছাড়া ১৩ দফা দাবি আদায়ে অনড় অবস্থানে আছে হেফাজতে ইসলাম। এসব কারণে আরও সহিংসতার আশঙ্কা রয়েছে সরকারের উচ্চপর্যায়ে।জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম এবং দলের অপর নেতা কামারুজ্জামানের মামলার শুনানি শেষ হয়েছে। কামারুজ্জামানের মামলার রায় এ মাসের শেষ দিকে এবং গোলাম আযমের মামলার রায় আগামী মাসের শুরুর দিকে ঘোষণার সম্ভাবনা আছে বলে সরকার মনে করছে। দুই মামলার রায় সামনে থাকায় জামায়াত-শিবির আবারও সহিংস রূপ নিয়ে মাঠে নামতে পারে বলে সরকার আশঙ্কা করছে। গোয়েন্দা সংস্থাগুলোও এমন আভাস দিয়েছে।দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াত-শিবির দেশের ২১ জেলায় ব্যাপক সহিংসতা চালিয়েছে। এসব ঘটনায় পুলিশের আট সদস্যসহ ৯০ জন মারা যান। ১১ এপ্রিল ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে জামায়াত-শিবিরের হামলায় তিনজন নিহত ও দুই শতাধিক আহত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার আওয়ামী লীগের পটুয়াখালী জেলা তৃণমূল নেতাদের বৈঠকে ফটিকছড়ির মতো ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তারের ঘটনা ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী সপ্তাহে দুই দিন হরতাল দেওয়া হতে পারে বলে জানা গেছে। এ মাসের শেষে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপির। গত বৃহস্পতিবার বিএনপির প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা দলীয় নেতা-কর্মীদের ফটিকছড়ির মতো ঐক্যবদ্ধ হয়ে সরকারের ওপর সর্বাত্মক আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন।আবার ১৩ দফা দাবি নিয়ে সোচ্চার হেফাজতে ইসলাম ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার প্রস্তুতি নিচ্ছে। বিভাগীয়সহ বড় শহরগুলোয় সংগঠনটির সমাবেশ চলছে। সরকারের আশঙ্কা, হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নাশকতা চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।তবে আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা বলছেন, পরিস্থিতি যা-ই হোক, সরকার মানবতা-বিরোধী অপরাধের বিচার থেকে পিছু হটবে না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিও মানবে না।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রথম আলোকে বলেন, বিরোধী দলের নাশকতা নস্যাৎ করে দিতে সরকার প্রস্তুত আছে। যুদ্ধপরিস্থিতির মধ্যেও সরকার পিছিয়ে যাবে না।জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার বিকল্প নেই। ফটিকছড়ির মতো আরও ঘটনা ঘটাতে বিরোধী দলের নেতাদের হুমকি সম্পর্কে তিনি বলেন, ‘এই যদি রাজনীতি হয়, তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়?’১৪ দলের নেতারা জানান, বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলামকে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে মোকাবিলায় সরকারের আরও কঠোর অবস্থান নিতে হবে। মে মাসে ঢাকায় ১৪ দলের আওতায় মহাসমাবেশ করার পরিকল্পনা আছে। এ ছাড়া হেফাজতে ইসলামের কর্মসূচির প্রতিবাদে ২৭ এপ্রিল ঢাকায় নারী মহাসমাবেশ ডাকা হয়েছে। এই মহাসমাবেশে বিপুলসংখ্যক নারীর সমাগম হবে বলে মনে করছেন ১৪ দলের নেতারা।