আবারও সাবিনা ইয়াসমীনের রবীন্দ্রসংগীতের অ্যালবাম
আবারও সাবিনা ইয়াসমীনের রবীন্দ্রসংগীতের অ্যালবাম তৈরি হচ্ছে। এরই মধ্যে গান নির্বাচন চূড়ান্ত হয়েছে। মিউজিকের ট্র্যাকও তৈরি হয়ে গেছে। আর কলকাতায় মিউজিকের এই ট্র্যাকগুলো তৈরি করেছেন রকেট মণ্ডল, সার্বিক তত্ত্বাবধান করেছেন কবির সুমন। সাবিনা ইয়াসমীন জানালেন, দুই দিন আগেই ট্র্যাকগুলো হাতে পেয়েছেন। এখন তাতে কণ্ঠ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। পঁচিশে বৈশাখ উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা আছে তাঁর। আর অ্যালবামটি প্রকাশ করা হবে বাংলাদেশ ও ভারত থেকে। বাংলাদেশ থেকে প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন।সাবিনা ইয়াসমীন প্রথম রবীন্দ্রসংগীত গেয়েছেন মনে রবে কিনা আমারে অ্যালবামে। এখানে তাঁর সঙ্গে আরও গান গেয়েছেন তপন মাহমুদ।সাবিনা ইয়াসমীন জানালেন, এবার পয়লা বৈশাখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল আই ও সুরের ধারা আয়োজিত ‘বর্ষবরণ’ অনুষ্ঠানে গান করবেন তিনি। এখানে রবীন্দ্রসংগীত ও দেশের গান গাওয়ার পরিকল্পনা আছে তাঁর।