নয়-এগারোর পরে বিশ্ব প্রবেশ করেছে এক অস্থির সময়ে। সহনশীলতা এখন দারুণভাবে হুমকির মুখে। সোজাভাবে দেখলে বুশের সন্ত্রাসবিরোধী যুদ্ধ থেকেই এই অবনমনের সূচনা। বুশের ইরাক আক্রমণ, আফগানিস্তানে সেনা প্রেরণ—এসব কিছু পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে উসকে দিয়েছে মুসলিম বিশ্বের উগ্রবাদের উত্থানকে। আফগানিস্তানের তালেবান সীমান্ত অতিক্রম করে ছড়িয়ে পড়েছে পাকিস্তানে, আফ্রিকার সোমালিয়ায়, সুদানেও যথেষ্ট সক্রিয়। জঙ্গিরা তৎপর ইন্দোনেশিয়ায়। মোদ্দা কথা, বুশের সন্ত্রাসবিরোধী যুদ্ধ নানাভাবে মানবাধিকার পরিস্থিতিকে সংকটাপন্ন ও জটিল করেছে। আমেরিকা নিজেই ওই সময়ে গুয়ানতানামো বে বন্দী শিবির স্থাপন করে এবং বন্দী নির্যাতনে চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায়।বুশের সন্ত্রাসবিরোধী সেই যুদ্ধের দায় এখনো বহন করে চলেছে বিশ্ব। নয়-এগারো-পরবর্তী সময়ে পশ্চিমা বিশ্বে যে ইসলাম-ভীতি তৈরি হয়েছে, তারই সাম্প্রতিক বহিঃপ্রকাশ আমেরিকায় কোরআন পোড়ানোর চেষ্টা, বেলজিয়াম, ফ্রান্সে মুসলিম নারীদের নেকাব-হিজাব পরা নিষিদ্ধ করা, সুইজারল্যান্ডে মসজিদের মিনার নির্মাণ বন্ধে আইন করা (কিন্তু সুইস ব্যাংকে আরব টাকা গচ্ছিত রাখতে তাদের অনীহা নেই) এ সবই হচ্ছে সমাজ থেকে সহনশীলতা হ্রাস পাওয়ার ইঙ্গিত। পরমতের প্রতি আমরা এখন আর শ্রদ্ধাশীল নই। মধ্য পন্থা, উদার মনোভাব এগুলো অপসারিত হয়ে উগ্র, চরম পন্থা জায়গা করে নিচ্ছে দ্রুত। আর যার অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে দুনিয়াজুড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ছে, বাড়ছে দারিদ্র্য।২.বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, এটা বিশেষভাবে বলতে হচ্ছে, কারণ বাংলাদেশে দরিদ্র-হার এখন কমে এসে দাঁড়িয়েছে ৪০ থেকে ৩৮ শতাংশে। এটা নিঃসন্দেহে আশাব্যঞ্জক অগ্রগতি। তবে বিশ্বে সার্বিকভাবে দারিদ্র্য পরিস্থিতি হতাশাজনক। ছয় বিলিয়ন মানুষের বিশ্বে ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। বিশ্ববাজারে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। অসংখ্য মানুষ অভুক্ত থেকে রাত পার করছে। ২ দশমিক ৫ বিলিয়ন মানুষের জন্য কোনো স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নেই। ফলে স্বাস্থ্য রক্ষায় এটা মারাত্মক প্রভাব পড়ছে। উদাহরণ হিসেবে আনা যায় শিশু ও মাতৃস্বাস্থ্যের বিষয়টি। প্রতি মুহূর্তে একজন মা সন্তান জন্মদানের সময় মারা যাচ্ছেন পৃথিবীর কোথাও না কোথাও। একজন পাঠক যখন এই লেখা পড়ছেন, তখনই হয়তো সুষ্ঠু পরিচর্যার অভাবে, সঠিক স্বাস্থ্যবিধান মেনে না চলায় আরেকজন মা ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। একইভাবে জন্মের পর পরই একটি শিশু বেড়ে উঠছে অপুষ্টি নিয়ে। অর্থাৎ মানুষের স্বাভাবিক মৌলিক চাহিদাগুলো ঠিকমতো পূরণ হচ্ছে না। সমস্যা থেকেই যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবী থেকে কেন দারিদ্র্য নির্মূল হচ্ছে না? দারিদ্র্য নির্মূল শুধু অর্থনৈতিক বিষয় নয়। শুধু অর্থনৈতিকভাবে এটা নির্মূল করা কখনোই সম্ভব না। আমরা যদি এই সমস্যার আরেকটু গভীরে দৃষ্টি দিই, তাহলে দেখব: দারিদ্র্যের পেছনে আছে মানুষের অধিকারের বিষয়টিও—যাকে বলি মানবাধিকার। বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর অধিকাংশ মানুষের অধিকারকে সামাজিকভাবে অস্বীকার করা হচ্ছে প্রতিনিয়ত। সমাজে দরিদ্র মানুষের প্রতি বৈষম্য বাড়ছে, দরিদ্র মানুষের কণ্ঠ ক্রমেই স্তিমিত হয়ে আসছে, দরিদ্র মানুষ ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে তার সমাজ বা রাষ্ট্রকাঠামো থেকে, সমাজের নানাবিধ কর্মকাণ্ড থেকেও সে খারিজ হয়ে যাচ্ছে, কাজেই দারিদ্র্যের সঙ্গে গভীরভাবে প্রোথিত মানবাধিকার প্রশ্নটি। আর মানবাধিকারের এই করুণ, শোচনীয় হালের জন্য দায়ী গণতান্ত্রিক ব্যবস্থার ব্যর্থতা—অর্থাৎ গণতন্ত্রের ভিত যদি দুর্বল হয়, তাহলে সুশাসন কখনোই প্রতিষ্ঠিত হবে না। আর সুশাসন না থাকলে রাষ্ট্র তার সামর্থ্য হারাবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও ঠিকমতো কাজ করবে না। দুর্নীতি বাসা বাঁধবে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, সুবিধাবাদী-সুযোগসন্ধানীরা ইচ্ছেমতো ব্যবহার করবে রাষ্ট্রযন্ত্রকে। তাই মানবাধিকার হচ্ছে এমন একটা কাঠামো বা পদ্ধতি, যা নিশ্চিত হয় মূলত প্রয়োগ ও দাবির মধ্য দিয়ে। তাই মানবাধিকারের সুরক্ষায় প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে কাজ করতে হবে। সরকারকে সঠিকভাবে পরিচালিত হতে হবে। তা না হলে জনগণ কখনোই তাদের দাবির কথা, প্রয়োজনের কথা পেশ করতে পারবে না। বাংলাদেশ সর্বশেষ নির্বাচনের আগে দারুণ সংকটময় একটা সময় পার করেছে। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংকট ছিল, কিন্তু আশার কথা, সেই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে দেশে একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন সম্পন্ন হয়েছে, আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি। তবে নির্বাচন গণতন্ত্রের একটি উপাদান মাত্র। সফল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ রকম আরও অনেক উপাদানের সমাবেশ ঘটাতে হয়। আমরা যদি এই উপমহাদেশের দিকে তাকাই কিংবা আরও বড় পরিসরে বিশ্ব পরিস্থিতির দিকে তাকাই, তাহলে দেখব, নির্বাচনের ওপর সর্বাধিক জোর দেওয়া হচ্ছে। আফগানিস্তানে নির্বাচন হয়েছে, শ্রীলঙ্কা ও নেপালে, শিগগিরই নির্বাচন হবে মিয়ানমারেও। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, যেসব দেশের নির্বাচনের কথা উল্লেখ করলাম, এসব দেশের কোনোটিতেই নির্বাচনের মাধ্যমে ত্বরিত ও কার্যকর একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ফলে এসব দেশে মানবাধিকারের বিষয়টিও সমুন্নত থাকছে না। গণতন্ত্রও প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে না। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিছু ইতিবাচক উদাহরণ আছে, এখন আমাদের দুর্নীতি দমন সংস্থা হয়েছে, মানবাধিকার কমিশন গঠন হয়েছে। এখন কথা হচ্ছে, এগুলো কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে! এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রয়োজনীয় সম্পদের জোগান আর রাজনৈতিক চাপ মোকাবিলায় সক্ষমতা। এ ছাড়া আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতেও অনেক কাজ করার আছে। পুলিশ বাহিনীর পুনর্গঠন, র্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, কারাগারে নির্যাতন, জিজ্ঞাসাবাদে অত্যাচার, জোরপূর্বক স্বীকারোক্তি আদায়—এসব ব্যাপারে সরকারকে একটা নীতিগত সিদ্ধান্তে আসতে হবে। সামনে নগরায়ণও একটা প্রকট সমস্যা হয়ে উঠছে। যানজট নিরসনে এখনই সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।৩.গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের একটা প্রয়োজনীয় উপাদান, কিন্তু সাম্প্র্রতিক সময়ে কিছু ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আমি উদ্বিগ্ন। গণমাধ্যম এখন নানামুখী আক্রমণের শিকার হচ্ছে। একদিকে আদালত অবমাননার মতো সিদ্ধান্তগুলো সামনে চলে আসছে। অন্যদিকে সংসদেও গণমাধ্যমকে আক্রমণ করে সমালোচনা হচ্ছে, যা গণমাধ্যমকে এক কথায় কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে। অথচ সংসদের দায়িত্ব হলো গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু গণমাধ্যম এখন উল্টো নানামুখী চাপে জর্জরিত হচ্ছে। তবে গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে আরেকটি প্রশ্ন সামনে চলে আসে। গণমাধ্যমের আচরণ, গণমাধ্যমের আচরণ কী হবে এবং কারা গণমাধ্যমের প্রতিনিধিত্ব করছে। মানবাধিকার নিশ্চিত করতে, সমুন্নত রাখতে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত জরুরি। আর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে তখনই, যখন বাকস্বাধীনতা কোনো রকম বাধাগ্রস্ত হবে না। তথ্য অধিকার অবাধ থাকবে। কিন্তু আমার পর্যবেক্ষণে মনে হয়েছে, বাংলাদেশের গণমাধ্যম নিজেই ঠিক পরিষ্কার নয় তার জবাবদিহির ব্যাপারে। অনেক ক্ষেত্রে গণমাধ্যম রাজনৈতিক দলগুলোর মতো উসকানিমূলক আচরণ করছে, অথবা অতি মাত্রায় ব্যবসায়িক স্বার্থ রক্ষায় সচেষ্ট এবং এ ধরনের ঘটনা যখন ঘটতে থাকে, গণমাধ্যম তখন তার স্বাধীনতা হারিয়ে ফেলে, আস্থা হারায় জনগণের। কাজেই সব মিলিয়ে দেশের গণমাধ্যম একটা সংকটময় সময় অতিক্রম করছে। এই সংকট সেন্সরশিপ বা কোনো নিষেধাজ্ঞা মোকাবিলার মতো ব্যাপার নয়, এই সংকট স্বার্থান্বেষী মহলের নানামুখী চাপ মোকাবিলার।৪.শুরুতে আমি বিশ্বের সহনশীলতার সংকটের কথা বলেছি, এখন যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নজর দিই, তাহলে দেখব, এখানেও খুবই বিষবাষ্পময় পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীনভাবে আলোচনা, বিতর্ক, মত প্রকাশের কোনো স্থান নেই, দেশের উন্নয়নের প্রশ্নেও আমাদের যেকোনো একটা দলের পক্ষ অবলম্বন করতে হবে। কিন্তু এ রকম পরিস্থতি কখনোই কারও কাম্য হতে পারে না। দারিদ্র্য দূরীকরণের প্রক্রিয়ায় আরও ঘষামাজা, অর্থনৈতিক উন্নয়নে মতৈক্য এসব ক্ষেত্রে উন্নতির কোনো চিহ্ন নেই, বরং দিনে দিনে ভূপ্রকৃতি বদলে যাওয়ার মতোই পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। কিছু সাফল্যের নজির আছে, শিক্ষা ক্ষেত্রে, শিশু মৃত্যুর হার রোধে আশাব্যঞ্জক উন্নতি হয়েছে, কিন্তু পুষ্টিহীনতার হার এখনো অনেক বেশি, বিশেষ করে মেয়েশিশুর বেলায়। নারী এখনো বৈষম্যের শিকার, নারী নির্যাতনের ঘটনা অব্যাহত আছে—এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের সমস্যা ওপরের সমস্যাগুলোকে আরও জটিল করে তুলেছে। কাজেই সামনে আমাদের জন্য পাহাড়প্রমাণ সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আশাবাদী হতে পারি এই ভেবে, আমরা আরেকটি নির্বাচিত সরকার পেয়েছি, পরবর্তী নির্বাচনের আগে এখনো সরকারের হাতে বেশ কবছর সময় আছে—কাজেই সরকারের সামনে এটা এক সুবর্ণ সুযোগ, সঠিকভাবে উদ্যোগী হলে এখনো এসব সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।৫.এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল বিশাল আত্মত্যাগের মধ্য দিয়ে। বাংলাদেশ গঠনে কাজ করেছে কয়েকটি মহান আদর্শ, এই আদর্শের ভিত্তি ছিল: ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, মানবাধিকার, সংবিধানে মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা—এই আদর্শে উজ্জীবিত হয়ে লাখো মানুষ আত্মত্যাগ করেছে। কিন্তু আমরা যদি বিগত ৪০ বছরের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখব বাংলাদেশ কিছু সময় শাসিত হয়েছে সামরিক সরকার দ্বারা, কিছু সময় গণতান্ত্রিক সরকার দ্বারা। ফলে অতীতে আমরা দেখেছি, সরকারগুলো জনগণের অধিকার রক্ষার পরিবর্তে নানাভাবে জনগণের অধিকার হরণ করেছে। তার পরও ওই দীর্ঘ সময় পেরিয়ে এসে কিছু অর্জন আমাদের হয়েছে: প্রতিবেশীদের সঙ্গে আমাদের সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা শুভ লক্ষণ, সাংবিধানিক কিছু পরিবর্তন সাধিত হয়েছে; যে কারণে আমাদের সামনে বিরাট একটা সুযোগ তৈরি হয়েছে অতীতের জঞ্জাল ঝেড়ে ফেলার।যুদ্ধাপরাধী বিচার-প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে, এটা অত্যন্ত আশার ব্যাপার। তবে খেয়াল রাখতে হবে, বিচার-প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয়। আর এই ট্রাইব্যুনালের কাজ করার সময় সাধ্যের কথাটাও মাথায় রাখতে হবে, ট্রাইব্যুনাল সব অপরাধের বিচারে সামর্থ্যে কুলিয়ে উঠবে না। অসংখ্য অপরাধ সংঘটিত হয়েছে, অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সেসব অপরাধ বিচারের জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। হয়তো কোনো কমিশন গঠন করা যেতে পারে, যেখানে যুদ্ধাপরাধীদের নৃশংসতা থেকে বেঁচে ফিরে আসা মানুষ ঘটনার বিবরণ পেশ করতে পারবে। যে বিবরণ লিপিবদ্ধ হবে, নিরাপদে সংরক্ষিত হবে ও পরে যাচাই-বাছাই হবে। এবং ইতিহাস হিসেবে সংরক্ষিত হবে পরবর্তী প্রজন্মের জন্য।১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর, জাতি হিসেবে আমরা একটা কঠিন সময় পার করে এসেছি—পঁচাত্তর থেকে নব্বইয়ের প্রথম ভাগ পর্যন্ত এবং এর পরের সময়টা ছিল আমাদের জন্য গণতন্ত্রের কঠিন, চড়াই-উতরাই পথে হাঁটা। এ সময়ে আমাদের বিরাট একটা সুযোগ গেছে, কিন্তু রাজনীতিকদের ব্যর্থতায় আমরা সেই সুযোগ নষ্ট করেছি। এখন স্বাধীনতার ৪০ বছর উদ্যাপনের প্রারম্ভে, আমাদের সামনে আবারও একটা সুযোগ এসেছে। আমাদের এখন আবার ডাক দিতে হবে। যে যেখানে আছে, সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের সবার এখন লক্ষ্য হবে দেশের বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন। দেশের আনাচে-কানাচে প্রচুর মানুষ দেশের সমৃদ্ধির সুফল থেকে বঞ্চিত। উন্নতির কোনো সুফলই তাদের কাছে পৌঁছায়নি। আমাদের ডাক হবে এসব ভাগ্যবিড়ম্বিত মানুষকেও দেশ গড়ায় সম্পৃক্ত করা। আইরিন খান: মানবাধিকারকর্মী, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব