আবারও সেই তথ্যচিত্র ‘এই যে আমি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিম আল দীনকে নিয়ে এশা ইউসুফ একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন, নাম এই যে আমি। কাজ শুরুর সময়টা ছিল ২০০৩ সালের দিকে। পড়াশোনার ফাঁকে অস্ট্রেলিয়া থেকে মাত্র তিন মাসের জন্য তখন দেশে এসেছিলেন এশা। পুরো একটি দিন থেকেছেন সেলিম আল দীনের সঙ্গে। আর সঙ্গে ছিল ক্যামেরা। পরে বিভিন্ন সময় আলাদা করেও কিছু কিছু ক্যামেরায় ধারণ করেছেন। সেলিম আল দীনের মৃত্যুর পর বছর তিনেক আগে দেশে এসে একটি তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেন। সেলিম আল দীনের সেই ফুটেজগুলোর সঙ্গে যোগ করেন নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ আর হুমায়ুন ফরীদির সাক্ষাৎকার। এশার ভাষায়, ‘সেলিম আল দীন কেমন মানুষ ছিলেন—এই তথ্যচিত্রের মধ্য দিয়ে তার কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি।’ শুরুতে তথ্যচিত্রটির দৈর্ঘ্য ছিল ৪৭ মিনিট। তখন তথ্যচিত্রটির কয়েকটি প্রদর্শনী হয়। এরপর কিছু অংশ বাদ দিয়েছেন। ২৭ মিনিটের তথ্যচিত্র এই যে আমি আজ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে দেখানো হবে সেলিম আল দীন স্মরণোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী স্মরণে আজ থেকে সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে ঢাকায় আয়োজন করেছে চার দিন এবং চট্টগ্রামে দুই দিনের অনুষ্ঠান। বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে এই উৎসব উদ্বোধন করবেন আতাউর রহমান। এই অনুষ্ঠানে থাকবে ‘রবীন্দ্রভুবনে সেলিমের ভ্রমণ’ শীর্ষক গান, সেলিম আল দীন: অর্ধ সমাপিত গীত! বইয়ের মোড়ক উন্মোচন এবং ঢাকা থিয়েটারের ধাবমান নাটকের প্রদর্শনী। এখানে ১৬ জানুয়ারি পর্যন্ত নাটক, সেমিনার ও গান। চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতেও হবে বিভিন্ন অনুষ্ঠান।