আবারও সৈয়দপুরে বিমান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৮ আগস্ট থেকে রংপুর বিভাগের সঙ্গে ঢাকার বিমান যোগাযোগ আবার শুরু হচ্ছে। এ বিমান যোগাযোগের ব্যবস্থা চালু করতে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে সৈয়দপুর বিমানবন্দরের প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ হয়েছে।বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুব শিগগির সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে যাচ্ছে ভুটান। সেই লক্ষ্যে ১৮ আগস্ট থেকে সৈয়দপুর-টু-ঢাকা বিমান যোগাযোগ চালু হচ্ছে। বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের বিমান এ রুটে চলাচল করবে।একটি সূত্র জানায়, সৈয়দপুর বিমানবন্দর চালু হওয়ায় রংপুর বিভাগের দ্রুত যোগাযোগ-ব্যবস্থা চালু হবে। এ ছাড়াও সৈয়দপুর বিমানবন্দর ভুটানকে ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য শিগগির বাংলাদেশ-ভুটান চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে।সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করে যাতে ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে ভুটান ও বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে বিমানে যেতে পারেন, সে লক্ষ্যে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার।ইউনাইটেড এয়ারওয়েজ সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের সৈয়দপুর বিমান সার্ভিসের উদ্বোধন করবেন। মন্ত্রীর তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বক্সী এ কথা জানান।সৈয়দপুর বিমানবন্দর দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। মহাজোট সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা ও রংপুর বিভাগের উন্নয়নে আবারও সৈয়দপুর বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে। ধাপে ধাপে এ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে বলে জানা গেছে। ফলে রংপুর বিভাগে যোগাযোগ-ব্যবস্থার নতুন দিক উন্মোচিত হবে।