তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে সরকারের নেওয়া উদ্যোগের প্রতিবাদে আবারও হরতাল ডাকতে যাচ্ছে বিএনপি। আগামী সপ্তাহেই এক বা দুই দিনের হরতালের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আজকালের মধ্যে সংবাদ সম্মেলন করে দলের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। গতকাল মঙ্গলবার রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত থাকা একটি সূত্র এ খবর জানিয়েছে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে সরকারের নেওয়া উদ্যোগ প্রতিহত করা হবে, সভায় এই সিদ্ধান্ত হয়েছে। রাত সাড়ে আটটায় শুরু হওয়া গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবাদ ব্রিফিংয়ে নজরুল ইসলাম বলেন, মন্ত্রিসভায় অনুমোদিত সংবিধান সংশোধনসংক্রান্ত সংসদীয় কমিটির প্রস্তাবের বিষয়ে বিএনপির ‘যৌক্তিক আপত্তি’ আছে। তিনি বলেন, ‘আমরা মনে করি, একদিকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনার কথা বলা হচ্ছে। অন্যদিকে, একতরফা সংসদীয় কমিটির সুপারিশ অনুমোদনের মাধ্যমে সংবিধান সংশোধনে সরকার দুরভিসন্ধিমূলক নীলনকশা বাস্তবায়ন করছে।’ নজরুল ইসলাম বলেন, ‘এতেই প্রমাণিত হয়, সরকারের আলোচনার প্রস্তাব একটি “অপকৌশল” মাত্র। তারা একদলীয় বাকশালের মতো ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দিতে চায়।’ নজরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার ভিত্তিতে বিরোধীদলীয় নেতা প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন বিষয়ে যে প্রস্তাব দিয়েছেন, তার প্রতি স্থায়ী কমিটি সমর্থন দিয়েছে। নজরুল ইসলাম বলেন, সংবিধান থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি’ শব্দগুলো বাদ দেওয়া, সংবিধানের অনেক ধারা-উপধারাকে ভবিষ্যতে কখনো পরিবর্তন করা যাবে না— এমন বিষয় অনুমোদন করা ইত্যাদির বিষয়ে বৈঠকে প্রতিবাদ জানানো হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী এ সময় উপস্থিত ছিলেন।